ইছামতীর তীরে শেষ হলো লালনসংগীতের আসর
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের টেকেরহাটে ইছামতীর তীরে গতকাল শনিবার ভোরে দুই দিনব্যাপী লালন সাঁই সাধুসঙ্গের আসর শেষ হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, আসরের প্রথম দিন বৃহস্পতিবার রাত ১০টায় লালনসংগীত শুরু হয়ে পরদিন ভোরে শেষ হয়। এরপর শুক্রবার রাতে একই সময়ে সংগীত শুরু হয়ে গতকাল ভোরে শেষ হয়। আসরে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে লালনসংগীতশিল্পী ও সাধুগুরুরা সংগীত পরিবেশন করেন। দুই দিনই ইছামতীর তীরে লালন সাঁই বটতলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা উপস্থিত হন।
সাধুসঙ্গের গান পরিবেশন করেন দরবেশ নহির শাহ, সামছুল ফকির, ওয়াজ শাহ, মোজাম শাহ, রুস্তম শাহ, ইয়াউল আলম, টুনটুন বাউল, আরিফ বাউল, সমির বাউল প্রমুখ।
প্রথম দিনে লালন সাঁই বটতলায় উপস্থিত হয়ে সাধুসঙ্গের আসরের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কবির হোসেন বলেন, ইছামতীর তীরে লালনসংগীতের এটা ১২তম আসর। ১২ বছর ধরে এখানে লালনসংগীত ও সাধুসঙ্গের আসর বসছে।