ইছামতীর মৃত্যু মৃতপ্রায় বড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর পাড়ে বাঁশের খুঁটিতে হলুদ রঙের সাইনবোর্ড। তাতে লাল রঙের বড় বড় অক্ষরে লেখা ‘জরুরী বিজ্ঞপ্তি’। পাবনা পৌরসভার মেয়রের এই জরুরি বিজ্ঞপ্তিতে ইছামতী নদীতে ময়লা-আবর্জনা না ফেলার নির্দেশ। কিন্তু সাইনবোর্ডের খুঁটির গোড়া থেকেই শুরু হয়েছে ময়লার ভাগাড় এবং তা ছড়িয়েছে নদীর মাঝ বরাবর পর্যন্ত। দুর্গন্ধে ভারী হয়ে আছে আশপাশের বাতাস।
দৃশ্যটি পাবনা শহরের খেয়াঘাটপাড় এলাকার। এখানে ইছামতীর যে দশা, তাতে খেয়ানৌকা তো দুরস্ত, তালের ডিঙি চলারও উপায় নেই। নদী ভরে গেছে আবর্জনায়। শহরের বিভিন্ন এলাকার নর্দমা দিয়ে পয়োনিষ্কাশনের আলকাতরার মতো কালো পানি এসে পড়ছে নদীর শুকনো বুকে। ইছামতী দিয়ে ক্ষীণধারায় বয়ে যাচ্ছে সেই দুর্গন্ধময় বিষাক্ত কালো পানি।
ইছামতীর মতোই অবস্থা বড়াল, চিকনাইসহ পাবনার অধিকাংশ নদ-নদী। নাব্যতা হারিয়ে দখল-দূষণে মৃতপ্রায়। নদ-নদীর এই দুরবস্থায় বন্ধ হয়ে গেছে অনেক নদীবন্দর। ক্ষতি হচ্ছে কৃষি, ব্যবসা, পরিবেশ ও জীববৈচিত্র্যের।
ইছামতী পাবনায় ঢুকেছে সদর উপজেলার চরশিবরামপুর এলাকা দিয়ে। সেখান থেকে জেলা শহরের শালগাড়িয়া শ্মশান পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার নদী এখন পুরোটাই যেন ভাগাড়। এই নদীই এখন শহরের পরিবেশদূষণের বড় উৎস।
শালগাড়িয়া মহল্লার বাসিন্দা চিকিৎসক সরোয়ার জাহান বলেন, তিন ধরনের বর্জ্য ইছামতী নদীতে ফেলা হচ্ছে—ঘরবাড়ির বর্জ্য, হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য এবং জীবজন্তুর বর্জ্য। এসব বর্জ্য পরিবেশ ও বাতাস দূষিত করছে।
পৌর মেয়র কামরুল হাসান গত রোববার প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি ঘাটে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছি। লোকে শোনে না। ময়লা ফেলে নদীটিকে মশার প্রজননকেন্দ্রে পরিণত করেছে। এত মশা যে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাতে গিয়ে দেখা গেছে, সেই মশা উড়ে নদীর পাশে মানুষের বাড়িতে চলে যায়। লোকের বাধায় নদীতে মশা মারার কামান (ফগার) দাগানোও বন্ধ করে দিতে হয়েছে।’
স্লুইসগেটও দখল: ইছামতীতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে পদ্মা থেকে নদীর উৎসমুখ চরশিবরামপুর এলাকায় স্লুইসগেট নির্মাণ করায়। পানি না থাকায় কিছু প্রভাবশালী লোক শহরের বিভিন্ন স্থানে নদী ভরাট করে স্থাপনা গড়ে তুলেছেন। এতে সরু হতে হতে নদীটি পরিণত হয়েছে মরা খালে। ফলে বন্ধ হয়ে গেছে শহরের খেয়াঘাট ও বাজিতপুর ঘাট। স্বাধীনতার পরেও এ দুটি ছিল শহরে ইছামতীর জমজমাট নৌবন্দর।
জেলা প্রশাসন ২০০৭ সালে ইছামতী নদীর দুই পাশে ২৮৫ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করে। তবে গত আট বছরেও তাঁদের উচ্ছেদ করা হয়নি।
বড়ালেও বাঁধ: ইছামতীর মতো পাবনার বড়াল নদও মৃতপ্রায়। ১৯৮১ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজশাহীর চারঘাটে বড়ালের উৎসমুখে একটি স্লুইসগেট নির্মাণ করে। পরের বছর অপর প্রান্তে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সীমান্ত এলাকা দহপাড়ায় বড়াল যেখানে গুমানী নদীতে গিয়ে পড়েছে, সেখানেও একটি স্লুইসগেট করা হয়। এতে বড়ালে পানির প্রবাহ দুই দিক থেকেই প্রায় বন্ধ হয়ে যায়। একই বছর চাটমোহর উপজেলা পরিষদ নদের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে আড়াআড়ি করে চারটি বাঁধ দেয়। এতে চার বাঁধের ভেতরে নদ তিনটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। বন্ধ হয়ে যায় বড়াল নদের নূরনগর, বোথর, পুরাতন বাজার, বড়াল ব্রিজসহ চারটি নৌবন্দর।
সরেজমিনে দেখা যায়, চাটমোহরে বড়াল নদের মাঝ দিয়ে আড়াআড়ি বাঁধ দেওয়ায় পুকুরে পরিণত হয়েছে নদটি। ময়লা-আবর্জনা আর কচুরিপানায় ভরে আছে চারপাশ। দুই ধারের বাসিন্দারা নদ ভরাট করে ঘর তুলেছেন। নদের ফরিদপুর অংশের মাঝখানে চলছে চাষাবাদ।
চাটমোহরের ব্যবসায়ী রনি রায় বলেন, ‘এখন ভরা বর্ষায়ও নদে পানি থাকে না। ময়লা-আবর্জনা আর কচুরিপানায় সারা বছর ভর্তি হয়ে থাকে চাটমোহরের বড়াল নদ।’
নদীর সঙ্গে মরতে বসেছে হোসিয়ারিশিল্প: জেলার প্রবীণ ব্যবসায়ীরা জানান, ষাটের দশকে ইছামতী নদীকে কেন্দ্র করে পাবনা শহরে হোসিয়ারি ও কাঁচিশিল্প বিকশিত হয়েছিল। নৌপথে মালামাল আনা-নেওয়ার সুবিধা ধাকায় দ্রুত বিস্তার লাভ করেছিল শিল্প দুটি।
বাজিতপুর ঘাট, ভাঙ্গুড়ার বড়াল ব্রিজঘাট, চাটমোহরের নূরনগর ঘাট, বোথরঘাট ও পুরাতন বাজারঘাট থেকে বড় বড় নৌকায় খুব অল্প খরচে মালামাল যেত ঢাকাসহ বিভিন্ন এলাকায়। কিন্তু এখন এসব ঘাটের আর অস্তিত্ব নেই। বিলীন হয়ে গেছে আত্রাই, সুতি গাং, চন্দ্রাবতী, গুমানী, সুতিখালী, কাগেশ্বরী, বাড়নাই, ট্যাপাগাড়ী, গোহাল, শালিকাসহ বেশ কিছু নদ-নদী ও খাল। এসব নদ-নদী ও খালে এখন চলছে চাষাবাদ।
পাবনা জেলা হোসিয়ারি ম্যানুফ্যাকচারিং গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মূলত ইছামতী নদীর মৃত্যুর সঙ্গে পাবনা জেলার হোসিয়ারিশিল্পও এখন মৃতপ্রায়। সড়কপথে খরচ বেশি হওয়ায় এখন আর এখানে পাইকাররা আসেন না। এতে অধিকাংশ হোসিয়ারি কারখানা বন্ধ হয়ে গেছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পাবনা জেলা কার্যালয় সূত্র জানায়, ইছামতীর ৫০ কিলোমিটার, বড়ালের ৫৫ কিলোমিটার ও চিকনাই নদের ৩৮ কিলোমিটার গুরুত্বপূর্ণ জলপথ ছিল এ জেলায়। স্বাধীনতার পরেও এসব নৌপথে বড় বড় পণ্যবাহী নৌযান চলাচল করত। এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পাউবোর পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, ‘জেলার নদ-নদীগুলো নিয়ে তেমন কোনো বড় পরিকল্পনা নেই। তবে স্লুইসগেট ও বড়ালের বাঁধ অপসারণের জন্য উচ্চ আদালতের একটি নির্দেশনা রয়েছে। সেটি বাস্তবায়নের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, অন্য নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতেও ব্যাপক পরিকল্পনা প্রয়োজন। পনি উন্নয়ন বোর্ডের একার পক্ষে তা সম্ভব নয়।
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ইছামতী, বড়ালসহ জেলার বেদখল হওয়া নদ-নদীগুলো দখলমুক্ত করতে আমরা কাজ শুরু করেছি। দখল উচ্ছেদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’