ইছামতীর শাখায় ভাঙনে বসতভিটা বিলীন

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নে ইছামতীর শাখায় ভাঙন দেখা দিয়েছে। গত সাত দিনে ৩০টি বাড়িঘর বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে নদীর দুই পারের কয়েক শতাধিক পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোহারের পদ্মা নদীর সঙ্গে সংযোগ আছে ইছামতীর এই শাখার। পদ্মা নদী থেকে এই শাখা জয়পাড়া হয়ে সাহেবখালী দিয়ে সাদাপুরে মূল ইছামতীতে মিলিত হয়েছে। এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই এই শাখায় প্রচণ্ড স্রোত। এতে ভূমিক্ষয় হয়ে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। গত সাত দিনে ভাঙনে নবাবগঞ্জের সৈয়দপুর, হযরতপুর, সাদাপুর, আলহাদিপুর, সাহেবখালী গ্রামের ৩০ পরিবার বসতভিটা হারিয়েছে। স্রোতের তোড়ে ভেঙে পড়ছে দুই পারের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসাসহ ফসলি জমি। নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। অব্যাহত ভাঙনে ওই এলাকার তিন শতাধিক পরিবার আতঙ্কে আছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে কথা হয় হযরতপুর গ্রামের বাসিন্দা ফজল ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বাড়ির পার্শ্ববর্তী দুই পরিবারের বসতভিটা নদীতে চলে গেছে। তাঁর বসতভিটারও অর্ধেক নদীতে চলে গেছে। গত সাত দিনে তাঁর গ্রামের ৩০টি পরিবার বসতভিটা হারিয়েছে। সরকারিভাবে নদীর তীর সংরক্ষণ ব্যবস্থা না নিলে আমারটাসহ কয়েক শতাধিক পরিবার সর্বস্বান্ত হয়ে যাবে।’
স্থানীয় মালতী রানী সূত্রধর বলেন, ‘বোটের (ভোট) সময় হগলে (সবাই) আহে। এহন আর আমগো কেউ দেহে না। রাতে এহন আর ঘুম আহি না।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিদ্দিক বলেন, ভাঙন ঠেকাতে পাঁচ বছর আগে এলাকাবাসীর উদ্যোগে সাহেবখালী এলাকায় নদীর মুখে বাঁধ দেওয়া হয়েছিল। তিন বছর আগে তা ভেঙে যায়। এ বছর ভাঙনের তীব্রতা বেশি। ভাঙন প্রতিরোধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। কিন্তু সরকার থেকে কোনো উদ্যোগ নেই।
ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তাকে সরেজমিনে দেখানো হয়েছে। কিন্তু এ বিষয়টি নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই।
নবাবগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন বলেন, ‘ভাঙনের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে আমরা বড় বড় বেড়িবাঁধ নিয়ে কাজ করছি। তারপরও আমি ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করব।’