ইজতেমা উপলক্ষে বিশেষ বাস ও ট্রেন চালু হবে
আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে ও বিআরটিসি কর্তৃপক্ষ। ধর্মপ্রাণ মুসলমানদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।২১ থেকে ২৩ জানুয়ারি প্রথম এবং ২৮ থেকে ৩০ জানুয়ারি দ্বিতীয় দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম দফার আখেরি মোনাজাত।রেলওয়ে জানায়, ২১ ও ২২ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গী এবং আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত প্রতিদিন একটি করে বিশেষ ট্রেন চলবে। ২২ জানুয়ারি একটি ট্রেন চলবে লাকসাম থেকে টঙ্গী পর্যন্ত। ২৩ জানুয়ারি ঢাকা থেকে টঙ্গী ও টঙ্গী থেকে ঢাকা সাতটি, টঙ্গী থেকে লাকসাম একটি, টঙ্গী থেকে আখাউড়া দুটি, টঙ্গী থেকে ময়মনসিংহ চারটি এবং ঈশ্বরদী থেকে টঙ্গী ও টঙ্গী থেকে ঈশ্বরদী একটি ট্রেন চলবে। সব আন্তনগর, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। তা ছাড়া ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকাগামী সব ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।কর্তৃপক্ষ জানায়, ২৩ জানুয়ারি ৭০১ বা ৭০২ সুবর্ণ এক্সপ্রেস এবং ৭০৭ বা ৭০৮ তিস্তা এক্সপ্রেস, ঢাকা-জয়দেবপুর ও নারায়ণগঞ্জ-জয়দেবপুরের মধ্যে তুরাগ এক্সপ্রেস ১, ২, ৩, ৪, ৫ ও ৬ চলাচল করবে না। যাত্রীদের দুর্ভোগ কমাতে টঙ্গী স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হবে।বিশেষ বাস: বিআরটিসি জানায়, ২১ থেকে ২৩ জানুয়ারি এবং ২৮ থেকে ৩০ জানুয়ারি বিআরটিসির বিশেষ বাসগুলো ৫০টি স্থান থেকে টঙ্গীর উদ্দেশে যাত্রা করবে। এসব স্থানের মধ্যে আছে—আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, ভৈরব, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর ও জয়দেবপুর। এসব বাসে ‘বিশ্ব ইজতেমা স্পেশাল সার্ভিস’সংবলিত স্টিকার লাগানো থাকবে।এ ছাড়া ২১ ও ২২ জানুয়ারি এবং ২৮ ও ২৯ জানুয়ারি বিআরটিসির দ্বিতল বাস কাকরাইল মসজিদ থেকে টঙ্গী রওনা দেবে। ইজতেমায় যোগ দিতে আসা বিদেশিদের জন্য বিমানবন্দরে একটি মিনিবাস রাখা হবে। ২৪ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুসল্লিদের বিভিন্ন জেলায় পৌঁছে দিতে একতলা বাস চালু থাকবে।