ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত ৮০ জন আহত হয়েছেন।গত রোববার কালীগঞ্জ উপজেলায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের রঘুনাথপুরে ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।প্রতক্ষদর্শী ও বাসযাত্রী সূত্রে জানা যায়, রোববার ভোররাত চারটার দিকে ইজতেমা থেকে ফিরতে থাকা একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের রঘুনাথপুরে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে খুলনার দীঘলিয়া উপজেলার সেনহাটি জাকারিয়া কওমি মাদ্রাসার তিনজন শিক্ষকসহ চারজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন মাদ্রাসার শিক্ষক জাফর আহম্মদ (৪০), আলমগীর হোসেন (৩০), আবদুল কুদ্দুস (৪৫) ও বাসচালক মিনজান মণ্ডল (৩৮)। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে হেমায়েত হোসেন, ইসরাফিল হোসেন, নজরুল ইসলাম, ফারুক হোসেন, জাফর আলী ও আশরাফ আলীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী সেকেন্দার আলীর ভাষ্যমতে, ভোররাত চারটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের রঘুনাথপুরে পৌঁছার পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। তাঁর ধারণা, ঘুমিয়ে পড়ায় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, বাসের তিনজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত চালককে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।গত রোববার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে একজন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নিহত আবদুল হালিম মিয়া চালকের সহকারী। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জে। দুর্ঘটনায় গুরুতর আহত ৩৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত যাত্রীদের ভাষ্যমতে, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছার পর বাসটি উল্টে যায়। এতে আবদুল হালিম মিয়া ঘটনাস্থলেই মারা যান।