ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে গত রোববার রাতে লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক ও চারজন যাত্রীর সবাই নিহত হয়েছেন।নিহত যাত্রীরা হলেন সিরাজুল ইসলাম (৬০), আ. হামিদ (৬০), হাফিজ উদ্দিন (৫৫) ও আমিরুল ইসলাম (৫৬) এবং চালক সাহাব উদ্দিন (১৯)। নিহত যাত্রীদের প্রথম তিনজনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে। চালক সাহাব উদ্দিনের বাড়ি গাজীপুর সদরের সালনায়। আমিরুলের ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ জানায়, ওই চারজন যাত্রী লেগুনাটি ভাড়া করে ইজতেমা ময়দান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১২টায় লেগুনাটি গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে লেগুনার চালক মারা যান। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন।