ইজতেমা মাঠে অবৈধ স্থাপনা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য বরাদ্দ করা ময়দানে অবৈধ দখল ও স্থাপনা আছে কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। বিষয়টি তদন্ত করে ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টঙ্গী পৌর মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।রুলে ইজতেমার ময়দানে অবৈধ স্থাপনা উচ্ছেদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং বছরজুড়ে ওই জায়গা অবৈধ দখলমুক্ত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ভূমিসচিব, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও টঙ্গীর পৌর মেয়রকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ২০০৭ সালের ৪ অক্টোবর ইজতেমার জন্য ১৪ দশমিক ৯৩৫ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়। তবে সেখানে অবৈধ দখল ও স্থাপনা রয়েছে—এমন অভিযোগে এবং তা দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে তাবলিগ জামাতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মো. ইসমাইল ৩ জানুয়ারি রিটটি করেন।