ইজতেমা ময়দানে ছাপরার চাল ধসে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর ইজতেমা ময়দানের গুদামঘর-সংলগ্ন ছাপরার চাল ধসে গতকাল শুক্রবার অন্তত ৩৫ জন মুসল্লি আহত হয়েছেন। আহত মুসল্লিরা টঙ্গী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর বেলা সোয়া দুইটার দিকে হঠাৎ টিনের ছাপরার চাল ধসে পড়ে। সেখানে থাকা ৩৫ জন মুসল্লি আহত হন। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এবং ময়দানে থাকা মুসল্লিরা আহত মুসল্লিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরটির চাল ধসে পড়েছে।
ইজতেমা ময়দানের মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, ইজতেমার সাথিরা ওই ঘরে অবস্থান করছিলেন। সেখানে মুসল্লিরা নামাজ পড়েন এবং রাতের বেলায়ও থাকেন। হঠাৎ করে দমকা বাতাস বইলে ওই ছাপরার চাল ভেঙে পড়ে।
টঙ্গী ৫০ শয্যার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন বলেন, আহত মুসল্লিদের আঘাত গুরুতর নয়, টিনের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, বাঁশের খুঁটি ভেঙে ওই দুর্ঘটনা ঘটেছে। আহত মুসল্লিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।