ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত বৃহস্পতিবার যৌথ প্রস্তুতি সভা করে গাজীপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই সভা হয়।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ইজতেমার মুরব্বিরা সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার ব্যাপারে বিশদ আলোচনা করেন।
এবারও দুই পর্বে ইজতেমা হবে। প্রথম পর্ব ২৪ থেকে ২৬ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে।
সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতির ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সবার দোয়া ও সহযোগিতা চাই।’
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, এবারও ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ জাহিদ আহসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, সাবেক সচিব ও তাবলিগ জামাতের মুরব্বি মো. এরশাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান।