ইজতেমাগামী বাস খাদে নিহত ১, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুম আহমদ (৪০)। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেওগ্রামে। তিনি ২৬ জনের একটি দল নিয়ে বিয়ানীবাজার থেকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন। তিনি ওই দলের আমির (নেতা) ছিলেন। এ দলের অন্তত ২০ জন আহত হন।
দুর্ঘটনায় শাহ আলম (৬০), রহমত আলী (৬৫), জাহেদ মিয়া (২৬), তারেক মিয়া (২৫) ও আবুল মিয়াকে (২৬) আহত অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার ভোরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিয়ানীবাজার থেকে এনা পরিবহনের একটি বাস ইজতেমাগামী ২৬ জন মুসল্লিসহ অন্তত ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা আসছিল।
বিকেল সোয়া পাঁচটার দিকে সরাইলের বৈশামুড়া এলাকায় একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাসুম আহমদসহ অন্তত পাঁচজন যাত্রী বাসের ভেতর আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মাসুম আহমদ বাসের নিচে আটকে পড়েন। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ মাসুম আহমদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, স্বজনদের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।