ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি চলছে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের সব ধরনের প্রস্তুতি আগামীকাল বুধবারের মধ্যে শেষ হবে। আয়োজক কমিটির মুরব্বিরা জানান, ইজতেমা মাঠের আবর্জনা সরানো, ঝাড়ু দেওয়া, ওজু-গোসলের চৌবাচ্চা ধোয়া, শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সামিয়ানার চট ঠিকঠাক করে বাঁধা, হোগলা চাটাইয়ের ছেঁড়া-ফাটা পরিবর্তন করাসহ সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ইজতেমা আয়োজক কমিটি ও জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ইজতেমা মাঠকে ৩৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। দেশের ৩৩ জেলার মুসল্লিরা দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন। তা ছাড়া মাঠের উত্তর-পশ্চিম কোণে বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত খিত্তা রয়েছে।
খিত্তা অনুযায়ী জেলা: ইজতেমা আয়োজক কমিটির প্রকাশিত মানচিত্র অনুযায়ী জেলাভিত্তিক খিত্তা। নারায়ণগঞ্জ-(১,২), ঢাকা-(৩,৪), কক্সবাজার-৫, মানিকগঞ্জ-৬, পিরোজপুর-৭, পটুয়াখালী-৮, টাঙ্গাইল-৯, জামালপুর-১০, বরিশাল-১১, নেত্রকোনা-১২, কুমিল্লা-১৩, মেহেরপুর-১৪, ঝিনাইদহ-১৫, ময়মনসিংহ-(১৬,১৭,১৮), লক্ষ্মীপুর-১৯ , বি-বাড়িয়া-২০, কুড়িগ্রাম-২১, বগুড়া-২২, পঞ্চগড়-২৩, চাঁপাইনবাবগঞ্জ-২৪, নীলফামারী-২৫, নোয়াখালী-২৬, ঠাকুরগাঁও-২৭, পাবনা-২৮, নওগাঁ-২৯, মুন্সিগঞ্জ-(৩০, ৩১), মাদারীপুর-৩২, গোপালগঞ্জ-৩৩, সাতক্ষীরা-৩৪, মাগুরা-৩৫, খুলনা-৩৬, সুনামগঞ্জ-৩৭ ও মৌলভীবাজার-৩৮। তা ছাড়া মাদারীপুর, খুলনা ও সাতক্ষীরার কয়েকজন সাথির জন্য হোন্ডা কারখানার ভেতরে জায়গা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসনের ভুল মানচিত্র প্রকাশ : নাম প্রকাশে অনিচ্ছুক ইজতেমার একাধিক মুরব্বি জানান, দ্বিতীয় ধাপের খিত্তা মানচিত্র গাজীপুর জেলা প্রশাসন ভুলভাবে প্রকাশ করেছে। জেলা প্রশাসনের সরবরাহ করা মানচিত্র ২০১৩ সালের খিত্তা ভাগ অনুযায়ী প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসনের মানচিত্রে ২২ নম্বরে নোয়াখালী, ২৩-এ নীলফামারী, ২৪-এ ঠাকুরগাঁও, ২৫-এ পঞ্চগড়, ২৬-এ চাঁপাইনবাবগঞ্জ ও ২৭-এ বগুড়া দেখানো হয়েছে। সংশ্লিষ্ট জেলার মুসল্লিরা ইজতেমার মুরব্বিদের সঙ্গে যোগাযোগ করে সঠিক খিত্তায় থাকবেন। এতে কোনো সমস্যা হবে না বলে তাঁরা জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. নুরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ইজতেমার মুরব্বিদের দেখিয়ে মানচিত্র প্রকাশ করা হয়। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
প্রস্তুতি শেষ: প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষেই মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু করেন। ইজতেমা মাঠের আবর্জনা পরিষ্কার করে ঝাড়ু দেওয়া, ওজু-গোসলের চৌবাচ্চা ধোয়া, শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সামিয়ানার চট ঠিকঠাক করে বাঁধা, হোগলার চাটাই ছেঁড়া-ফাটা পরিবর্তন করাসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তা ছাড়া পানি-বিদ্যুত্ সরবরাহ, নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করতে বরাবরের মতো জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দ্বিতীয় পর্বে বেশি মুসল্লির সমাগম হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
দশে মিলি করি কাজ : তাবলিগ জামাতে মুসল্লিরা বরাবরের মতো কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠের কাজ করছেন। সকাল সাড়ে নয়টায় বাটা গেটের পাশে প্রবেশপথ দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতেই দেখা যায় কয়েকজন জ্যেষ্ঠ মুসল্লি চলাচলের পথে ঝাড়ু দিয়ে আবর্জনা স্তূপ করে রাখছেন। ভেতরে সামিয়ানার নিচে বেশির ভাগ জায়গায়ই আবর্জনা সরিয়ে ঝাড়ু দেওয়া শেষ। পূর্বদিকে ইজতেমা গুদামের পাশে কয়েকজন মুসল্লি ঝাড়ু দিচ্ছেন। স্তূপ করা আবর্জনা ট্রাকের মাধ্যমে মাঠের দক্ষিণ দিকে একটি গর্তে জড়ো করা হচ্ছে। বাটা কারখানার উত্তর দিকের ওজু-গোসলের চৌবাচ্চা ধোয়ামোছা করছেন কয়েকজন। উত্তর দিকে কয়েকজন মুসল্লি খুলে পড়া সামিয়ানার (তাঁবু) চট পুনরায় বাঁধছেন। মাঠের মাঝামাঝি গুদামের পাশে হোগলার চাটাই বাছাই করে ছেঁড়া-ফাটা আলাদা করছেন কয়েকজন। এভাবে সারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে মুসল্লিরা কাজ করছেন। কারোরই কথা বলার ফুসরত নেই। একমনে কাজ করছেন। নেই কারও কোনো অভিযোগ। মাঝে মাঝে দু-একজন ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে উত্সাহ জোগাচ্ছেন। ঝাড়ু দেওয়ার ফাঁকেই কথা হয় কিশোরগঞ্জ থেকে আসা চিল্লার মো. মাসুদের সঙ্গে। তিনি জানান, চিল্লার সঙ্গীরা মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সব কাজ করছেন। তাঁরা জোড় ইজতেমা শেষে ৪০ দিনের এক চিল্লায় বের হয়েছিলেন। সেখান থেকে সরাসরি ইজতেমা মাঠের কাজে নিয়োজিত হয়েছেন। আগামী বৃহস্পতিবার তাঁদের চিল্লা শেষ হবে। ওই দিনই তাঁরা যে যার মতো বাড়ি ফিরবেন।