ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, জুমায় লাখো মুসল্লি

টঙ্গীর তুরাগতীরে গতকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দান ও এর আশপাশে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। জুমা সামনে রেখে ভোর থেকেই হাজার হাজার মুসল্লি ময়দানে সমবেত হতে শুরু করেন।
বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরব্বি গিয়াস উদ্দিন বলেন, বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। বয়ান করেন ভারতের মাওলানা মো. শামিম। জুমার নামাজে ইমামতি করেন ভারতের মাওলানা মুহাম্মদ সা’দ। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।
ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে বুধবার রাত থেকে আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছে শুরু করেন জিকির-আসগার।
ইজতেমাস্থল ঘুরে দেখা গেছে, জুমার নামাজ আদায়ের জন্য মূল ময়দানে পৌঁছাতে না পেরে অনেকে রাস্তার ওপর, বাসের ছাদে, নৌকায়, এমনকি বাড়ির ছাদে নামাজ পড়েন। খবরের কাগজ, পলিথিন, চাটাই বিছিয়ে যে যেভাবে পেরেছেন নামাজ আদায়ে বসে পড়েন।
দুপুরে ইজতেমাস্থলে স্থাপিত মিডিয়া সেন্টারে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, মুসল্লিদের নিরাপত্তায় প্রতিটি খিত্তায় (মুসল্লিদের জেলাওয়ারি অবস্থানস্থল) সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ ছাড়া রাস্তাঘাট, ব্যস্ততম স্থানসহ পুরো ইজতেমা ময়দান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
রোহিঙ্গা মুসল্লিদের ফেরত
অনুমতি ছাড়া ইজতেমায় যোগ দিতে আসা শতাধিক রোহিঙ্গা মুসলিমকে বৃহস্পতিবার রাতে ফেরত পাঠিয়েছে পুলিশ। এর আগে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ১৩০ জন রোহিঙ্গা ইজতেমাস্থলে বিদেশিদের জন্য নির্ধারিত তাঁবুতে প্রবেশের চেষ্টা করেন।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, কক্সবাজার থেকে ওই রোহিঙ্গারা ইজতেমায় আসেন। তাঁরা বিদেশি নিবাসে অবস্থান নিতে চাইলে অনুমতি না দিয়ে তাঁদের কক্সবাজারে ফেরত পাঠানো হয়।