ইজতেমার প্রথম পর্ব কাল শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে। কাল ৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের ইজতেমার প্রথম পর্ব। গতকাল বুধবার থেকে ইজতেমা ময়দানে দেশি-বিদেশি মুসল্লিরা আসতে শুরু করেছেন। তাঁরা ইজতেমা ময়দানে নিজ নিজ খিত্তায় (নির্ধারিত স্থান) অবস্থান নিচ্ছেন। অবরোধের কারণে মুসল্লিদের অনেকে হেঁটেই আসছেন ইজতেমা ময়দানে।
১১ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম দফা শেষ হবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় দফা। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
গতকাল সকালে ইজতেমা ময়দানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জেলার হাজার হাজার মুসল্লি হেঁটে, ট্রাকে, পিকআপে যে যেভাবে পারছেন ইজতেমাস্থলে পৌঁছেছেন। তাঁদের কাঁধে ও মাথায় প্রয়োজনীয় মালামালের ব্যাগ, বস্তা, লাগেজ, কাপড়ের পুঁটলি নিয়ে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন।
কিশোরগঞ্জ সদর এলাকার বাসিন্দা মুসল্লি আরফান আলী জানান, ৩৫ জন মুসল্লি নিয়ে গতকাল ভোরে একটি বাস ভাড়া করে তাঁরা রওনা হন। অবরোধ থাকলেও রাস্তায় কোনো বাধার মুখে পড়তে হয়নি। সিরাজগঞ্জ থেকে আসা মুসল্লি শরিফুল ইসলাম মণ্ডল জানান, অবরোধ থাকায় তাঁরা মঙ্গলবার রাতেই গাড়ি নিয়ে রওনা হন। গতকাল ভোরে তাঁরা ইজতেমাস্থলে পৌঁছান।
তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে। ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন। তাঁরা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।
প্রতিবছরের মতো এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা ও কলকারখানার শ্রমিক-মালিকসহ বিভিন্ন পেশার মুসলমান ধর্মাবলম্বীরা বিশ্ব ইজতেমার মাঠে প্রস্তুতিমূলক কাজ করে চলেছেন।
বিশ্ব ইজতেমার মুরব্বিরা জানান, গত বছর প্রায় ১৭ হাজার বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছিলেন। সে সংখ্যা এবার ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তাঁদের থাকার জন্য ইজতেমা মাঠের উত্তর-পশ্চিম পাশে টিন-চট দিয়ে বিশেষ কামরা তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। পারাপারের জন্য তুরাগ নদের ওপর সাতটি স্থানে ভাসমান সেতু স্থাপন করা হয়েছে।
এবারের প্রথম দফায় ইজতেমায় ৩২ জেলার মুসল্লির জন্য ময়দানকে ৪০ খিত্তায় ভাগ করা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. আনিসুর রহমান জানান, মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইজতেমায় দায়িত্ব পালনকারী সব চিকিৎসক ও কর্মচারীদের ছুটি ৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। আশপাশের খাবারের দোকানে ও ইজতেমাস্থল এলাকায় বিশুদ্ধ খাবার নিশ্চিত করতে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জানান, ইজতেমাস্থল ও আশপাশের অঞ্চলকে পাঁচ ভাগে ভাগ করে ওই সব অঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিশুদ্ধ খাবার নিশ্চিতকরণসহ ইজতেমার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতিদিন দুই পালায় পাঁচটি করে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসন।
ইজতেমার নিরাপত্তায় ১০ হাজারের মতো পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশিদ।