টঙ্গীর তুরাগ নদের তীরে ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উপস্থিত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখেন। টঙ্গী পৌরসভা চত্বরে আয়োজিত এ সভায় ইজতেমার নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ, চিকিৎসা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ, অপরাধ নিয়ন্ত্রণসহ অন্যান্য সেবার প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়।সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগে এক দফায় ইজতেমা হতো। এবার দুই দফায় ইজতেমা হওয়ায় আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ থাকবে।’জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, ঢাকা বিভাগীয় কমিশনার মঈন উদ্দিন আবদুল্যাহ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ইজতেমার মুরব্বি সাবেক সচিব এরশাদুল হক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশিক্ষণ) শাহ জামান রাজ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্ব ইজতেমার মুরব্বিরা উপস্থিত ছিলেন।সভায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়, তুরাগতীরে ইজতেমা চলাকালীন কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। তাবলিগ জামাতের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সঙ্গে মাঠে দুই দফায় নিয়োজিত থাকবে ২২ হাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, আর্মড পুলিশ, আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইজতেমা মাঠ ও আশপাশে বসানো হচ্ছে ৬০টি সিসি ক্যামেরা। ইজতেমা মাঠ ও আশপাশে হেলিকপ্টার ও তুরাগ নদে র্যাব টহল দেবে। মাঠে প্রবেশপথে দেহ তল্লাশি ও মাঠের বিভিন্ন পয়েন্টে টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে র্যাব। এ ছাড়া মাঠজুড়ে সাদা পোশাকে বিশেষ টুপি পরে মুসল্লিদের সঙ্গে অবস্থান করবেন নিরাপত্তাকর্মীরা।সভায় এরশাদুল হক বলেন, ইজতেমার তিন দিন মাঠের প্যান্ডেলের ভেতরে প্রতিবছর প্রায় ১০ লাখ লোক অবস্থান করেন। এ ছাড়া শতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান অংশ নেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের অমানবিক দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে এবার দুই দফায় ইজতেমা আয়োজন করা হয়েছে।সভায় জানানো হয়, ইজতেমায় ঢোকার জন্য বেশ কটি প্রবেশপথ থাকবে। তুরাগ নদে ১০টি ভাসমান সেতু তৈরি করবে সেনাবাহিনী। ইজতেমা চলাকালে কয়েকটি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পকেটমার ও ছিনতাইকারী পাকড়াও করতে সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে গোয়েন্দা দল।ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, অগ্নিনির্বাপণ, সুষ্ঠু যাতায়াতব্যবস্থা, গাড়ি পার্কিং ও প্রতারকদের তৎপরতা বন্ধে ভ্রাম্যমাণ আদালতসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমাস্থলে তিনটি পানিবাহী গাড়ি, তিনটি অ্যাম্বুলেন্স, ডুবুরি দলসহ পর্যাপ্তসংখ্যক কর্মী মোতায়েন করবে ফায়ার সার্ভিস।৫০ শয্যাবিশিষ্ট টঙ্গী হাসপাতালে কার্ডিয়াক, অ্যাজমা, ট্রমাসহ বিভিন্ন ইউনিট স্থাপনসহ শয্যাসংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া ইজতেমা এলাকায় সরকারি ও বেসরকারি ৪৫টি ফ্রি মেডিকেল সেন্টার স্থাপন করা হবে। হোটেলে খাবারের মান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেটসহ ১২ জন স্যানিটারি ইন্সপেক্টর কাজ করবেন।টঙ্গী ও উত্তরার ডেসকো ১৩২ কেভি বিদ্যুৎ তিনটি ফিডারের মাধ্যমে ইজতেমাস্থলে সরবরাহ করবে। এ ছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য পাঁচটি ট্রলি ট্রান্সফরমার ও চারটি স্ট্যান্ডবাই জেনারেটর থাকবে।মাঠের বিভিন্ন স্থানে ৪০টি টেলিফোন লাইন সংযোগ দেবে বিটিসিএল।ইজতেমা উপলক্ষে ২০ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিআরটিসির ৫০টি দ্বিতল ও একতলা বাস রাজধানীসহ আশপাশের এলাকায় চলাচল করবে। এ ছাড়া বিশেষ ট্রেন চলাচল করবে।উল্লেখ্য, স্থানসংকুলান না হওয়ায় এবারই প্রথম দুই পর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে তিন দিন। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় ২৮ জানুয়ারি ইজতেমা শুরু হয়ে শেষ হবে ৩০ জানুয়ারি।