ইজতেমার সুবিধার্থে অবরোধ তুলে নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে অবরোধ ও হরতাল তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, লাগাতার অবরোধ এবং কয়েকটি জেলায় হরতালের ফলে মুসল্লিরা আতঙ্কে ভুগছেন। প্রয়োজনীয় যানবাহনের অভাবে তাঁরা ইজতেমাস্থলে যেতে পারছেন না। বেনাপোলসহ অন্যান্য স্থলবন্দরেও অনেক মুসল্লি আটকা পড়েছেন। তাই মুসল্লিদের কথা বিবেচনা করে রাজনৈতিক নেতাদের কাছে অবরোধ ও হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল।