ইজতেমায় এক বিদেশিসহ আরও তিন মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় আসা এক বিদেশিসহ আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ইজতেমায় আট মুসল্লির মৃত্যু হলো।
মারা যাওয়া তিন মুসল্লি হলেন—সিরাজগঞ্জের দলিলুর রহমান (৭৫) ও জয়নাল আবেদিন (৬০) এবং ইন্দোনেশিয়ার নাগরিক সোফা হাজি (৫৬)।
বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের জিম্মাদার মো. খাদেম আলী জানান, ইন্দোনেশিয়ার নাগরিক সোফা হাজি গতকাল শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ ছাড়া আজ ভোরে মারা যান সিরাজগঞ্জের দলিলুর রহমান ও জয়নাল আবেদিন। তাঁরা দুজনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
এর আগে ইজতেমায় যে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে, তাঁরা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানিয়েছে।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই পর্ব।
চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।