ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
চুয়াডাঙ্গা জেলা ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার দেশ-বিদেশের এক লাখের বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নেন। বাদ জুমা ঢাকার কাকরাইল মসজিদ থেকে আসা তাবলিগের মুরব্বিরা বয়ান করেন।
আয়োজক সূত্র জানায়, চুয়াডাঙ্গার সরকারি আদর্শ মহিলা কলেজসংলগ্ন মাঠে তাবলিগ জামাতের পক্ষ থেকে জেলাপর্যায়ের ইজতেমার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়। আজ শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো আয়োজিত এ ইজতেমায় সৌদি আরব, বাহরাইন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে আসা তাবলিগের বেশ কয়েকটি জামাত অংশ নিয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গতকাল জুমার নামাজে এক লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। মুসল্লিদের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ইজতেমার মাঠে চুয়াডাঙ্গার চারটি উপজেলা এবং বাইরের মেহমানদের জন্য পৃথক এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির ব্যবস্থার পাশাপাশি একাধিক চিকিৎসক দল মুসল্লিদের সেবা দিচ্ছে। দুপুরে মূল ময়দানের বাইরে আশপাশের রাস্তা ও খোলা মাঠে এমনকি বাড়ির উঠানেও জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ পড়েন অনেকে। জুমার নামাজের পর দুজন ব্যক্তির জানাজা পড়ানো হয়।
ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় রাস্তার দুই ধারে অনেক দোকান বসেছে। এসব দোকানে শীতের কাপড়, ইসলামি বইপত্র, টুপি, তসবিহ এবং শুকনা ও রান্না করা খাবার বিক্রি হচ্ছে।
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বলেন, ইজতেমায় আসা মেহমানদের জন্য সম্ভব সবকিছু করা হয়েছে।