ইজতেমায় লাখো মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা আজ শুক্রবার শুরু হয়েছে। পাঁচস্তরের নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব মুসলিমের অন্যতম বৃহত্ এ ধর্মীয় জমায়েত।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা আবদুল ওহাব মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। এর মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর পর বয়ান করেন ভারতের গুজরাটের মাওলানা মো. ইসমাইল হোসেন। আজ বাদ মাগরিব ভারতের মাওলানা সাদ বয়ান করবেন।

ইজতেমায় অংশ নিতে গত বুধবার থেকেই মুসল্লিরা তুরাগতীরে আসতে শুরু করেছেন। ইজতেমায় অংশ নিতে ট্রেন, নৌকা, বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে হাজারো মুসল্লি ইজতেমা মাঠে সমবেত হচ্ছেন। তাঁরা জামাতবদ্ধ হয়ে দলে দলে ইজতেমা মাঠের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল ও ব্যাগ নিয়ে অবস্থান করছেন। গতকাল মুসল্লিদের উদ্দেশে প্রস্তুতিমূলক বয়ান করেন দিল্লির মাওলানা ফারুক হোসেন। তিনি ইজতেমায় আসা মুসল্লিদের তিন দিন অবস্থানের নিয়মকানুনের বয়ান করেন।

আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি।

দুজনের মৃত্যু

গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত দুজন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার উত্তর রামেরকান্দা গ্রামের ওমর আলী (৪৮) ও অপরজন সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য মেতোয়ালি গ্রামের বাসিন্দা আবদুল মজিদ প্রামাণিক (৭০)।

প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইজতেমা আয়োজক কমিটি জানায়, গতকাল রাত দুইটা থেকে তিনটার মধ্যে এই দুজন ব্যক্তি হূদরোগে আক্রান্ত হন। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে আবদুল মজিদ মারা যান। ওমর আলীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

গণবিয়ে

ইজতেমা আয়োজক কমিটি জানায়, এরই মধ্যে ৫০ জন গণবিয়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। আগামীকাল শনিবার বাদ আসর গণবিয়ে সম্পন্ন হবে।