ইজহারের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত
হেফাজতে ইসলাম বাংলাদেশের একাংশের নায়েবে আমির মুফতি মো. ইজহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য সম্পদ বিবরণী নোটিশ দাখিল করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু কয়েক দফা নোটিশের পরও তিনি তা দাখিল করেননি। ফলে তাঁর বিরুদ্ধে গত বছর মামলা করে দুদক। বর্তমানে মামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার আদালতে সেটি দাখিল করা হতে পারে।
দুদক সূত্রে জানা গেছে, মুফতি ইজহার লালখানবাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে মাদ্রাসার কোটি কোটি টাকা ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে খরচের অভিযোগ আছে। ২০১২ সালের ১৭ মে এ সংক্রান্ত একটি অভিযোগ জমা হয় দুদক কার্যালয়ে। এরপর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধানে নামে দুদক।
অনুসন্ধানে মুফতি ইজহার ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদের খোঁজ পায় দুদক। অভিযোগের সত্যতা মেলায় বিস্তারিত অনুসন্ধানের জন্য গত বছরের ১৭ জুন মুফতি ইজহারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৪ জুলাই তাঁর বরাবরে সম্পদ বিবরণী ফরম নং-০০০১৪৫৭ সহ সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করা হয়। দুদক আইনের ২৬ (২) ধারায় তাঁকে সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
দুদক জানায়, গত বছরের ৪ জুলাই নোটিশটি নিয়ে দুদকের কোর্ট সহকারী মুফতি ইজহারের বাঁশখালীর স্থায়ী ঠিকানায় যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এরপর ওই বছরের ৭ জুলাই দুদকের আরেকজন কোর্ট সহকারী মুফতি ইজহারের লালখানবাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় যান। সেখানেও তাঁকে পাওয়া যায়নি। তখন মাদ্রাসার হিসাবরক্ষকসহ দুজন কর্মকর্তাকে সাক্ষী রেখে নোটিশটি মুফতি ইজহারের মাদ্রাসাস্থ বাসভবনের দরজায় ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু এর পরও তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি কিংবা নোটিশ দাখিলের সময়সীমা বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।
দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী, সম্পদ বিবরণী নোটিশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে গত বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজহারের বিরুদ্ধে দুদক চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন।
দুদক সূত্র জানায়, কওমি মাদ্রাসাটি সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত হয়। মাদ্রাসার অর্থ আত্মসাৎ অভিযোগ অনুসন্ধানের সময় মুফতি ইজহারের বক্তব্য নেওয়া হয়েছে। সেখানে তিনি অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার আয় ও ব্যয়সংক্রান্ত সব রেকর্ড সরবরাহের প্রতিশ্রুতি দেন। কিন্তু এরপর কয়েক দফা লিখিত ও মৌখিকভাবে অনুরোধের পরও তিনি কোনো রেকর্ডপত্র সরবরাহ করেননি। মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রটি আজ সোমবার আদালতে দাখিল করা হবে। মামলাটির বিচারকাজ শেষ হলে দুদক আবারও মুফতি ইজহারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেবে। তখন তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান করা হবে।
গত বছরের ৪ অক্টোবর লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজহারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণের তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর বিচারকাজ চলছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।