ইজহারের রিমান্ড শুনানি ৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীসহ হরকাতুল জিহাদের (হুজি) পাঁচ সদস্যের রিমান্ডের শুনানি ৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন না থাকায় গতকাল সোমবার আংশিক শুনানির পর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। আসামিদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।মুফতি ইজহারকে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরের লালখানবাজার এলাকার জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসা থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেন। এরপর তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। গত ১৯ ডিসেম্বর বিচারিক হাকিম প্রথম দফায় তাঁর রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। এরপর মুফতি ইজহার ও হুজির পাঁচ সদস্যকে আবার ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।পুলিশ সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাউজান ও কাউখালীর সীমান্তবর্তী পাহাড়ি এলাকার গোদাড়পাড় থেকে হুজির চার সদস্য এবং এর আগে হাটহাজারী থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হামলার নকশা, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়। হুজির সদস্যরা হলেন, প্রশিক্ষক আবুল ফারহা রুম্মান, মো. সালাহউদ্দিন হোসাইনী, আবদুল্লাহ আল আমিন, আবুল কালাম ও মাহফুজুর রহমান। তাঁরা হুজির মদদদাতা হিসেবে মুফতি ইজহারের নাম বলেন। আদালত সূত্র জানায়, মুফতি ইজহার ও হুজির অন্য পাঁচ সদস্যের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে আসামিদের আইনজীবী গতকাল শুনানিতে অভিযোগ করেন।