ইজারা ছাড়াই টোল আদায় আ.লীগ-যুবলীগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী চৌরাস্তা ঘিরে গড়ে উঠেছে ২০-২৫টি দোকান। তবে এটি কোনো হাটবাজার নয়। নেই ইজারাদারও। কিন্তু সারা বছর ধরেই এই চৌরাস্তা ও আশপাশের এলাকা থেকে লাখ লাখ টাকার ‘টোল’ আদায় করছেন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা। স্থানীয় লোকজন জানান, চৌরাস্তায় সপ্তাহের বুধ ও রোববার বিকেলে ছোট পরিসরে নিত্যপণ্যের বাজার বসে। আশপাশে হাট না থাকায় আলু, আমন ও বোরো মৌসুমে এখানে প্রচুর ধান-চাল ও আলু কেনাবেচা হয়। এ সুযোগে দুই বছর ধরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা লোক লাগিয়ে টোল আদায়ের নামে ট্রাকপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা আদায় করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এখান থেকে টোল আদায় করেন উপজেলার উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মণ্ডল ও উপজেলা যুবলীগের সহসভাপতি মোহব্বত আলী মুকুল। ধান-চাল ও কাঁচামালের আড়তদার হেলাল উদ্দিন বলেন, ‘শুধু চৌরাস্তায় নয়, চৌরাস্তার দুই-তিন কিলোমিটারের মধ্যেও ধান-চাল বা আলু কিনলে ট্রাকপ্রতি ৫০০ টাকা হারে চাঁদা দিতে হয়। চৌরাস্তার দক্ষিণ ও আশপাশের শান্তিনগর, উতরাইল, গোহারা, নান্দাইলদীঘি এলাকায় মহব্বত আলী মুকুলের চাঁদা আদায় করেন মাসুদ মেম্বার, মোতালেব হোসেন ও খোয়াজ উদ্দীন। আর চৌরাস্তার উত্তর ও আশপাশের তালোড়া বাইগুনী, ধুনট এলাকার ট্রাক থেকে আনিছুর রহমানের হয়ে একই হারে চাঁদা আদায় করেন রেজভী আহম্মেদ নামে এক যুবক।তালোড়া বাইগুনী গ্রামের কৃষক আবু সায়েম বলেন, ‘হাট না হলেও বিগত কয়েক বছর ধরেই এখানে টোলের নামে চাঁদাবাজি চলছে। চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো কাজ হয়নি।’ চৌরাস্তার কুলিশ্রমিক সরদার মনোয়ার হোসেন বলেন, ‘ট্রাকপ্রতিটি ৫০০ থেকে ৭০০ টাকা করে তোলা হয়। ভরা মৌসুমে প্রতিদিন ১২-১৫টি ট্রাক লোড হয়। সে হিসেবে মাসে অন্তত দুই লাখ টাকা টোল আদায় করা হয়।’উদয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, গত বছর হাটটি ইজারার ডাকে অংশ নিয়ে ইউএনওর হাতে তিনি ৯০ হাজার টাকা তুলে দেন। পরে টোল আদায় করতে গেলে আওয়ামী লীগের লোকজন তাদের নামে চাঁদাবাজির মামলা দেন। এতে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করে। পরবর্তী সময়ে ইউএনও ওই হাট ইজারার কোনো কাগজও দেননি, ইজারা বাবদ দেওয়া ওই টাকাও ফেরত দেননি। এবার হাটটি বৈধভাবে ইজারা দিতে গত ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু ইউএনও বৈধভাবে ইজারা না দিয়ে টাকা খেয়ে অবৈধভাবে টোল আদায়ে সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।টোল আদায়কারী খোয়াজ উদ্দীন বলেন, ‘যুবলীগ নেতা মোহব্বত আলী মুকুলের কাছ থেকে কয়েকজন মিলে এ হাট ১৬ হাজার টাকায় সাব-ইজারা নিয়েছি।’ রেজভী আহম্মেদ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের কাছ থেকে ১২ হাজার টাকায় সাব-ইজারা নিয়েছি।’যুবলীগ নেতা মোহব্বত আলী মুকুল টোল আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘পার্শ্ববর্তী পুনট হাট ইজারা নেওয়ার কারণেই ওই চৌরাস্তা ১৫ হাজার টাকায় সাব-ইজারা দিয়েছি। উপজেলা পরিষদের সিদ্ধান্ত ও ইউএনওর সম্মতিতেই ওই স্থান থেকে টোল আদায় করা হচ্ছে।’ আনিছুর রহমান বলেন, ‘মোসলেমগঞ্জ হাট ইজারা নেওয়ার কারণেই তালোড়া চৌরাস্তার উত্তর প্রান্ত ১২ হাজার টাকায় সাব-ইজারা দিয়েছি। ইউএনওর সম্মতি নিয়েই পাঁচ কিলোমিটার দূরে এসে টোল আদায় করা হচ্ছে।’তবে ইউএনও মো. আবদুর রহিম বলেন, তালোড়া বাইগুনী হাটে যে টোল আদায় করা হচ্ছে তা রীতিমতো চাঁদাবাজি। টোল আদায়ে কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।