ইজারা ছাড়াই বালু তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া এলাকায় গড়াই নদীর বালুমহাল থেকে ইজারা ছাড়াই প্রতিদিন অবৈধভাবে বালু তোলা হচ্ছে।গত বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, স্থানীয় বিভিন্ন বয়সের লোকজন বালু কাটছেন। তাঁরা নদীর পাড়ের ফসলি জমি কেটে মোটা বালু এবং নদী থেকে চিকন বালু উত্তোলন করছেন। এসব বালু তাঁরা ট্রাক, নছিমন, বাটা হাম্বার, ঘোড়ার গাড়ি প্রভৃতির মাধ্যমে নদীর পাড়ের রাস্তার ওপর স্তূপ করছেন কেউ বা সরাসরি জেলার বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে বালু কাটা শুরু হয়। বড় পাতুরিয়া গ্রামের সাইদুল ইসলাম (৪৮) নদীর পাড় কেটে মোটা বালু বের করছেন। শীর্ণ দেহ নিয়ে তাঁর স্ত্রী তাঁকে সহযোগিতা করছেন। সাইদুল ইসলাম বলেন, ‘হাতে কাজ না থাকায় বালু কেটে বিক্রি করে সংসার চালাই। প্রতিদিন চার-পাঁচ গাড়ি বালি কাটা সম্ভব হয়।’ লাড়িবাড়ি গ্রামের আবুল কালাম (৪৫) বলেন, ‘আমরা প্রায় ২০০ লোক এই কাজ করি। বালু কাটার জন্য স্থানীয় লিয়াকত সাহেবকে গাড়িপ্রতি ১০০ টাকা দেই।’পাতুরিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র রাব্বী (১৩) হাসান বলে, এই এলাকার অধিকাংশ ছাত্র স্কুলে যাওয়ার আগে বালু কাটে। এখান থেকে যা রোজগার হয় তা দিয়ে পড়ালেখা ও সংসারের খরচ জোগায়। এস এম লিয়াকত বলেন, ‘আমি বালুমহাল থেকে টাকা নিই না। তবে এলাকার বিভিন্ন মানুষ তাঁদের বাড়িঘর, দোকানপাট প্রভৃতি কাজে বালু ব্যবহার করেন।’সাওরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর সীমান্তবর্তী অঞ্চলে ২৪ একর ৯০ শতাংশ জমি নিয়ে এই বালুমহাল অবস্থিত। এই বালুমহাল ইজারা দেওয়ার জন্য বাংলা ১৪১৫ সালে নয় লাখ ৭৬ হাজার ৬৫০ টাকার দরপত্র আহ্বান করা হয়। এরপর আর বালুমহাল ইজারা হয়নি।সাওরাইল ইউনিয়নের তহশিলদার মো. আক্কাস আলী বলেন, ‘এই বালুমহাল ইজারার জন্য দুই বছর ধরে দরপত্র আহ্বান করা হয় ঠিকই, কিন্তু কেউ দরপত্রে অংশ নেন না। স্থানীয় লোকজন ভোরে বালু কাটা শুরু করে এবং সকাল ১০টার আগেই তা শেষ হয়ে যায়। আমি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’কালুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’