ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পুরোনো কারাগারের জমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবিতে জেলা শহরে গতকাল সোমবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গাইবান্ধা নাগরিক কমিটি ও গাইবান্ধা নাগরিক পরিষদ যৌথভাবে গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকায় মানববন্ধনের আয়োজন করে। এতে ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে গাইবান্ধা পৌরসভার মেয়র শামছুল আলম, গাইবান্ধা নাগরিক কমিটির সদস্যসচিব ফরহাদ আবদুল্যাহ হারুন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী, জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মমতাজুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম প্রমুখ বক্তৃতা করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলা প্রশাসক পুরোনো কারাগারের পূর্ব পাশে ১৬টি এবং দক্ষিণ পাশে কয়েকটি দোকান নির্মাণের জন্য জমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন। এ জায়গা বরাদ্দ দেওয়ার জন্য তিনি গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটি ইজারা দেওয়া হলে ভবিষ্যতে গাইবান্ধা শহরের উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই সিদ্ধান্ত বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গাইবান্ধা পৌর মেয়র শামছুল আলম বলেন, পৌরসভার সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়। অথচ নিয়মানুযায়ী পৌর এলাকায় নির্মাণকাজে পৌরসভার অনুমোদন নেওয়া প্রয়োজন।
এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে গাইবান্ধার জেলা প্রশাসক মো. এহছানে এলাহী দাবি করেন, ‘পুরোনো কারাগারের কোনো জায়গা ইজারা কিংবা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইজারা নেওয়ার জন্য কয়েক ব্যক্তি আমার কাছে এসেছিলেন। আমি রাজি হইনি। অথচ ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে কেন মানববন্ধন করা হলো তা জানি না।’
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের অভিযোগটি সঠিক নয়। তাঁর অনুমতি নিয়ে ও জেলা প্রশাসকের তহবিলে তিন লাখ টাকা জামানত দিয়ে স্থানীয় এক চিকিৎসক অবকাঠামো নির্মাণ শুরু করেছেন। এমনকি ইজারা নিতে আগ্রহীদের কাছে জামানত নেওয়ারও প্রক্রিয়া চলছে।