ইজারা নিয়ে ধূম্রজাল
রংপুরের কাউনিয়ায় ‘ধুম নদী জলমহাল’ ইজারা দেওয়া নিয়ে প্রশাসনে ধূম্রজাল চলছে। আওয়ামী লীগের এক নেতার চাপে প্রকৃত মৎস্যজীবী চিহ্নিতকরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত মৎস্যজীবী সংগঠনের সদস্যরা জলমহালটি ইজারা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।এলাকাবাসী, ইউএনওর কার্যালয় ও সরেজমিনে জানা যায়, কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আরাজি শাহবাজ গ্রামের ধুমের কুটিতে ১৪৪ দশমিক ১৩ একর জলাশয়জুড়ে জলমহালটি অবস্থিত। ‘ধুমের কুটি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ জলমহালটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। সমিতি দুই ধাপে ২০০১ থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত জলমহালটি ইজারা নেয়।অভিযোগ রয়েছে, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী দলীয় ৫০ জন নেতা-কর্মীকে ধুমের কুঠি মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে চাপ দেন। কিন্তু তাঁরা তা মেনে নেননি। পরে মাজেদ আলী অমৎস্যজীবী সংগঠনকে জলমহালটি ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসননকে চাপ দেন। গত ১৯ জানুয়ারি জলমহালটি তিন বছর মেয়াদে ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে সমাজভিত্তিক ভূমিহীন ক্ষুদ্র মৎস্যজীবী উন্নয়ন সংস্থা, মাছহাড়ি যুব মৎস্যজীবী সমবায় সমিতি ও কাউনিয়া বালাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি অংশ নেয়। আওয়ামী লীগ নেতার মনোনীত সংগঠন সমাজভিত্তিক ভূমিহীন ক্ষুদ্র মৎস্যজীবী উন্নয়ন সংস্থাকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। ধুমের কুটি মৎস্যজীবী সমবায় সমিতি এর বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি রিট করলে হাইকোর্ট ওই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। জেলা প্রশাসন প্রকৃত মৎস্যজীবী চিহ্নিতকরণে তদন্ত কমিটি গঠন করেন। ১৯ ফেব্রুয়ারি তাঁরা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।প্রতিবেদন অনুযায়ী, সমাজভিত্তিক ভূমিহীন ক্ষুদ্র মৎস্যজীবী উন্নয়ন সংস্থার ৩৩ জন সদস্যের মধ্যে মাত্র একজন প্রকৃত মৎস্যজীবী। কিন্তু আওয়ামী লীগের নেতা মাজেদ আলীর চাপের মুখে প্রতিবেদনটি গ্রহণ না করে জেলা প্রশাসন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলমকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরের তদন্ত প্রতিবেদনে ওই সংস্থার ৩৩ জন সদস্যের মধ্যে ৩০ জনই মৎস্যজীবী বলে উল্লেখ করা হয়। একই সংগঠনের মৎস্যজীবী চিহ্নিতকরণে দুই রকমের প্রতিবেদন নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী ইজারা নিয়ে প্রশাসনের ওপর হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান ও সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা দিপা রানী বলেন, সরেজমিনে তদন্ত করে যা পেয়েছি তদন্ত প্রতিবেদনে তা-ই উল্লেখ করেছি। দ্বিতীয় তদন্ত কমিটির সদস্য উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলম বলেন, ‘আগের তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে না গিয়েই প্রতিবেদন দাখিল করেছিলেন।’রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন খান বলেন, ‘প্রকৃত মৎস্যজীবী চিহ্নিতকরণে প্রথম প্রতিবেদনটির বিরুদ্ধে অভিযোগ থাকায় পুনরায় তদন্ত করা হয়েছে।’খোঁজ নিয়ে জানা যায়, সমাজভিত্তিক ভূমিহীন ক্ষুদ্র মৎস্যজীবী উন্নয়ন সংস্থার ৩৩ জন সদস্যের মধ্যে সভাপতি মমতাজ উদ্দিন রংপুর জেলা জাসদের সদস্য, শহরের কামাল কাছনায় তাঁর বাসা। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউনিয়ার হারাগাছ পৌরসভা জাসদের সাধারণ সম্পাদক, পেশায় একজন কৃষক। তাঁর স্ত্রীও ওই সমিতির একজন সদস্য এবং তিনি পেশায় গৃহিণী। ওই সমিতির সদস্য আবদুল জব্বারের বাসা রংপুর শহরের কামাল কাছনায় এবং তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।তবে ওই সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান দাবি করেন, তাঁর সংস্থার ৩৩ জন সদস্যের সবাই মৎসজীবী। কিন্তু বর্তমানে মাছ ধরা ও চাষের ক্ষেত্র না থাকায় তাঁদের কেউ কেউ অন্য পেশায় নিয়োজিত।