ইজারা নিয়ে ৫০০ অবৈধ ভবন!
ইজারা নিয়ে নীতিমালা লঙ্ঘন করে নির্মাণ করা হচ্ছে স্থায়ী ইমারত। জেলা পরিষদ থেকে জমি ইজারা নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রায় ৫০০ দোকান ও ভবন অবৈধভাবে নির্মিত হয়। এর মধ্যে দেড় শতাধিক রয়েছে দ্বিতল ও ত্রিতল ভবন। অথচ আইন রয়েছে—ইজারা নিয়ে স্থায়ীভাবে ইমারত নির্মাণ করা যাবে না। জেলা পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করে ১০-১৫ বছর ধরে এসব কর্মযজ্ঞ চলছে। গত সেপ্টেম্বর মাসে অবৈধ ভবন নির্মাণের দায়ে চারজনের বিরুদ্ধে জেলা পরিষদ রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। জেলা পরিষদ অফিস সূত্রে জানা গেছে, রামগঞ্জের প্রায় ৭০০ ইজারা গ্রহীতা আছে। আইনে বলা আছে, ইজারা নিয়ে ওই জমিতে সেমি-পাকা ঘর করা যাবে। তবে ওপরে ছাদ দিয়ে স্থায়ী ইমারত করা যাবে না। এ শর্তে ইজারা গ্রহীতার সঙ্গে জেলা পরিষদের স্ট্যাম্পে চুক্তি হয়। কিন্তু রামগঞ্জে প্রায় ৮০ ভাগ ইজারা গ্রহীতা স্থায়ীভাবে ইমারত করেছে। তাদের একাধিকবার নোটিশও দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপে এগুলো বাস্তবায়ন করা যায় না। সরেজমিন গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদের জমি সবচেয়ে বেশি। এখানকার ইজারা নেওয়া প্রায় সবগুলো জমিতেই ভবন হয়েছে স্থায়ীভাবে। সোনাইমুড়ি সড়কে কাজী আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট করা হয়েছে তিনতলা। আবুল কাশেম, ইমরান হোসেন, মফিজ মাস্টার ও মোশারফ হোসন ভবন করেছেন দ্বিতীয় তলা। পাটবাজারে করা হয়েছে নূর প্লাজা নামের স্থায়ীভাবে নির্মিত একটি মার্কেট। এ ব্যাপারে আবুল কাশেম ও ইমরান হোসেন জানান, জমিগুলো জেলা পরিষদ থেকে ইজারা নেওয়া। ভবন নির্মাণের সময় জেলা পরিষদ থেকে কোনো তদারকি ছিল না। এ জন্য তাঁরা এটি করেছেন বলে দাবি করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, জেলা পরিষদের সংশ্লিষ্টদের ম্যানেজ করেই দীর্ঘদিন থেকে এসব কার্যক্রম চলেছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ইজারা নিয়ে অবৈধভাবে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিস থেকে তাদের একাধিবার নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রামগঞ্জের চারজনের বিরুদ্ধে মামলাও হয়েছে।