ইজারা নেওয়া জমিতে আবাসন ব্যবসা!
বিধি ভঙ্গ করে আবাসন ব্যবসা করার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ‘পদ্মা অর্কিড’-এর মালিককে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। পাশাপাশি তাঁকে নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।মাত্র এক লাখ টাকায় বুকিং চলছে। মাসিক কিস্তি-সুবিধা, ব্যাংকঋণ-সুবিধা, এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়, গাড়ি পার্কিংয়ের সুবিধা ইত্যাদি লোভনীয় সুযোগ-সুবিধা লেখাসংবলিত বিশাল একটি সাইনবোর্ড টানানো হয়েছে রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায়, যার পেছনেই প্রস্তাবিত ১০ তলাবিশিষ্ট পদ্মা অর্কিডের নির্মাণকাজ চলছে।নির্মাণাধীন পদ্মা অর্কিডের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক প্রধান হিসাবরক্ষক ও অর্থ উপদেষ্টা আবদুর রব জোয়ার্দার। সম্প্রতি নিয়োগে অনিয়মের অভিযোগে তিনি চাকরিচ্যুত হয়েছেন। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আরডিএ সূত্রে জানা গেছে, পদ্মা আবাসিক এলাকার ৩২৫ নম্বর প্লটটি আবদুর রবকে ১৯৮৯ সালের ৩ এপ্রিল ইজারা দেওয়া হয়। প্লটে জমির পরিমাণ পাঁচ কাঠা। বরাদ্দের শর্ত ভঙ্গ করে আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে বহুতল ভবন নির্মাণের অভিযোগে আরডিএ থেকে ১৪ সেপ্টেম্বর আবদুর রবকে কারণ দর্শাও নোটিশটি দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে চুক্তিনামার ৩২ নম্বর শর্তানুযায়ী, বরাদ্দকৃত প্লটটি আইনত বাতিলযোগ্য বলে জানানো হয়েছে। সেই সঙ্গে বরাদ্দকৃত ভবনের চলমান নির্মাণকাজ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে, আবদুর রব আরডিএর সঙ্গে তাঁর সম্পাদিত চুক্তির ৮, ১৬ ও ১৯ নম্বর শর্ত ভঙ্গ করেছেন। ৮ নম্বর শর্ত ভঙ্গ করে আবদুর রব গত বছরের ২৪ আগস্ট আবাসন প্রতিষ্ঠান আদ্-দ্বীন প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে একটি আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) দলিলের মাধ্যমে চুক্তিবদ্ধ হন। ইজারাদাতার (আরডিএ) পূর্বানুমতি ছাড়া তিনি তা করতে পারেন না। ১৬ নম্বর শর্ত ভঙ্গ করে তিনি আবাসন প্রতিষ্ঠানের বিরাট সাইনবোর্ড টানিয়েছেন, যাতে ফ্ল্যাট ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য লোভনীয় সব ঘোষণা দেওয়া রয়েছে। চুক্তির শর্তানুযায়ী, তিনি সাইনবোর্ডে নাম, পদবি ও টু-লেট ছাড়া আর কিছু লিখতে পারবেন না। ১৯ নম্বর শর্ত অনুযায়ী, তিনি বরাদ্দকৃত প্লটের আংশিক হস্তান্তর করতে পারবেন না। শর্ত ভঙ্গ করে তিনি আদ্-দ্বীনের সঙ্গে সেই চুক্তি করেছেন। এদিকে নির্মাণকাজ স্থগিত করতে বলা হলেও ২২ সেপ্টেম্বর পদ্মা আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, কাজ চলছে।যোগাযোগ করা হলে আবদুর রব জোয়ার্দার কারণ দর্শাও নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জানান, তিনি কোনো চুক্তি ভঙ্গ করেননি। তিনি শুধু আমমোক্তারনামা দলিল করেছেন। ফ্ল্যাট বিক্রির সময় জমি হস্তান্তরের দলিল করবেন। তখনই তিনি আরডিএর কাছ থেকে অনুমোদন নেবেন। তিনি বলেন, ‘আরডিএ থেকেই পরিকল্পনা পাস করে নিয়েছি। তখন তাঁরা বিষয়টি দেখে-শুনেই দিয়েছিলেন।’ তিনি অভিযোগ করেন, এখন তাঁকে আরডিএ থেকে চাকরিচ্যুত করে আক্রোশের বশে এগুলো করা হচ্ছে। তিনি বলেন, ‘এই কারণ দর্শানো বিজ্ঞপ্তির আইনগত কোনো ভিত্তি নেই।’ সাইনবোর্ড টানানোর ব্যাপারে তিনি বলেন, ‘সেটা সিটি করপোরেশন বুঝবে।’ তিনি গত বৃহস্পতিবার পর্যন্ত কারণ দর্শাও নোটিশের কোনো জবাব দেননি। আবাসন প্রতিষ্ঠান আদ্-দ্বীনের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী বলেন, আরডিএর সবাই তাঁকে চেনে। তিনি এক বছর থেকে সেখানে সাইনবোর্ড ঝুলিয়েছেন। আরডিএর কোনো কর্মকর্তাই এত দিন তাঁকে বলেননি যে এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম আছে। এখন সেখানে তিনি এক কোটি টাকার মতো বিনিয়োগ করে ফেলেছেন। এটা নিয়ে কোনো ঝামেলা হলে তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট হবে। পাশাপাশি তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলোকে বলেন, দলিলের শর্ত ভঙ্গ করার কারণে আবদুর রব জোয়ার্দারের অনুকূলে বরাদ্দকৃত প্লটের বরাদ্দ কেন বাতিল করা হবে না—জানতে চেয়ে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর প্লটের বরাদ্দ বাতিল বলে গণ্য হবে।