মহেশখালী-কক্সবাজার নৌ-পারাপারে ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বরসংলগ্ন বটতলায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা সিটিজেন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, মহেশখালী-কক্সবাজার পারাপার করতে গিয়ে যাত্রীদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ১০-২০ কেজি মালামাল আনতে গিয়ে জেটিঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ের একটি তালিকা টাঙানো হলেও তা না মেনে ইজারাদারের লোকজন নিজের ইচ্ছামতো টোল আদায় করছেন।
উপজেলা সিটিজেন ফোরামের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহেশখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল আহমেদ, মহেশখালী ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল, আইনজীবী ফারুক ইকবাল, মাতারবাড়ী ইউনিয়ন সিটিজেন ফোরামের সভাপতি জিয়া উদ্দিন আহমদ প্রমুখ। সমাবেশ ইউএনও মোহাম্মদ আবুল কালামের মাধ্যমে নৌপরিবহনমন্ত্রী বরাবর আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন সিটিজেন ফোরামের নেতারা।