নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শিল্পকারখানা স্থাপন করবে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি মো. সেলিমের মদিনা গ্রুপ। এ জন্য উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট শিল্পনগর এলাকার চররমজান সোনাউল্লা মৌজায় প্রায় ২০৫ শতাংশ সরকারি জমি দীর্ঘমেয়াদে ইজারা নিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি। কিন্তু অভিযোগ উঠেছে, ইজারা পাওয়ার আগেই তিনি বালু ফেলে জমি ভরাট করে সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন। জমিতে বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ বন্ধ রাখতে মদিনা গ্রুপকে কয়েক দফা নোটিশও দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সামছুর রহমান প্রথম আলোকে জানান, হাজি সেলিম সরকারি জমি অবৈধভাবে দখল করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে নোটিশ দিয়েছেন। তাঁর ইজারার আবেদনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, চররমজান সোনাউল্লা মৌজায় এক নম্বর খাস-খতিয়ানের আরএস রেকর্ডের ১৩টি দাগে হাজি মো. সেলিম তাঁর মালিকানাধীন মদিনা গ্রুপের নামে ২০৫ শতাংশ জমি কয়েক মাসের ব্যবধানে মেঘনা নদী থেকে ড্রেজারের সাহায্যে বালু ফেলে ভরাট করে দখল করে নেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর্সিয়া কমল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল আমিন দুই মাস আগে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি খাসজমির সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটিতে লাল পতাকা উত্তোলন করে দেন এবং সরকারি জমি দখল করতে নিষেধ করেন। এই নির্দেশের পরও হাজি সেলিমের লোকজন পুুরো জায়গা দখল করে নেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন গত ৫ আগস্ট মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. সেলিমকে নোটিশ দিয়ে সরকারি জমিতে সরকারের দখল, স্বত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখার স্বার্থে ভূমি থেকে বালু ও দেয়াল নিজ উদ্যোগে অপসারণ করতে বলেন। নোটিশের জবাব দিয়ে গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেন হাজি সেলিম। চিঠিতে বলা হয়, ‘সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চররমজান সোনাউল্লা মৌজায় এক নম্বর খাসখতিয়ানে লিখিত আরএস দাগ নম্বর ৩৪১৯, ৩০৬০, ৩০৭৪, ৩০২৭, ৩০২৮, ৩০২৯, ৩০৩০, ৩০৫১, ৩৪৬৭, ৩৪৬৮, ৩৪৬৯, ৩৪৭১-সহ অন্যান্য দাগে প্রায় ২০৫ শতাংশ জমি দীর্ঘমেয়াদে ইজারা নিতে আমরা গত ৮ আগস্ট জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করেছি। এর একটি কপি আপনার কার্যালয়েও পাঠানো হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের কার্যালয়ে প্রক্রিয়াধীন। এ বিষয়ে শিল্প স্থাপনে দীর্ঘমেয়াদি ইজারা নেওয়ার জন্য আপনার কার্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে আপনার বিশ্বস্ত হাজি মো. সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, মদিনা গ্রুপ ও সাবেক সাংসদ, ঢাকা-৮।’ মদিনা গ্রুপের চিঠির জবাবে সন্তুষ্ট হতে না পেরে এবং জমি থেকে বালু ও দেয়াল নিজ উদ্যোগে অপসারণ করতে হাজি সেলিমকে ১৮ আগস্ট সর্বশেষ চিঠি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে আরও বলা হয়, ‘আপনার ইজারা নেওয়ার আবেদন প্রক্রিয়াধীন, যা বন্দোবস্তের চূড়ান্ত অনুমোদন নয়।’সরেজমিনে মেঘনাঘাট শিল্পনগর এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয় প্রশাসন যেখানে সরকারি জমির সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটি পুঁতে লাল পতাকা দিয়েছেন, ওই স্থানকে ভেতরে ফেলে হাজি সেলিমের লোকজন দেয়াল নির্মাণ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, মদিনা গ্রুপের লোকজন জোর করে তাঁদের অনেকের জমি ইতিমধ্যে দখল করেছেন। তাঁরা এখন জমিগুলো নামমাত্র মূল্যে কিনতে চাইছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর্সিয়া কমল বলেন, ‘বিভিন্ন সময় শত চেষ্টা করেও আমরা হাজি সেলিমের হাত থেকে সরকারি জমিগুলো রক্ষা করতে পারিনি। আমরা কয়েক দফা নোটিশ দিলেও মদিনা গ্রুপের লোকজন কোনো কর্ণপাত করেননি। সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় তাঁর বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছি।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল আমিন বলেন, ‘মদিনা গ্রুপ সরকারি যে জমি দখল করেছেন তার বর্তমান মূল্য প্রায় আট কোটি টাকা। তা ছাড়া তিনি সরকারি এসব জমির পাশাপাশি স্থানীয় ইসলামপুর গ্রামবাসীর প্রায় ১০ বিঘা জমি জোর করে দখল করে নিয়েছেন বলে গ্রামবাসী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।’যোগাযোগ করা হলে মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিম প্রথম আলোকে বলেন, ‘জমিগুলো সরকারের কাছ থেকে ইজারা নিতে আমরা ৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।’ ইজারা দেওয়ার আগেই সরকারি জমিতে বালু ভরাট করে চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।