ইজারা বন্ধ ৮০ খাসপুকুরের, বছরে গচ্চা অর্ধকোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা ও আইনি জটিলতায় রাজশাহীর বাগমারার ৮০টি খাসপুকুর দীর্ঘদিন ধরে ইজারা দেওয়া বন্ধ রয়েছে। একটি চক্র মামলার অজুহাতে পুকুরগুলো নিজেদের দখলে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার প্রতি ইজারা মৌসুমে (এক মৌসুম ৩ বছর) প্রায় দেড় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। প্রতিবছর পুকুরগুলো ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলেও পরে তা স্থগিত করা হয়। এবারও চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইজারার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ৯ জানুয়ারি আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করে ইজারা দিয়ে রাজস্ব বৃদ্ধির জন্য অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়। চিঠির অনুলিপি জেলা প্রশাসকের মাধ্যমে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কাছে পাঠানো হয়েছে।

ইউএনওর দপ্তর সূত্রে জানা যায়, বাগমারায় ৯১৭টি খাস (১ নম্বর খতিয়ানভুক্ত) পুকুর রয়েছে। এগুলো তিন বছরের জন্য ইজারা দিয়ে রাজস্ব আদায় করা হয়।

প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও পুকুর ইজারার সঙ্গে জড়িত সমিতির কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একটি পক্ষ মামলার অজুহাত দেখিয়ে অধিকাংশ পুকুর নিজেদের নিয়ন্ত্রণে রেখে মাছের চাষ করছে। পুকুরগুলো ইজারা না দেওয়ায় প্রতি ইজারা মৌসুমে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

হামিরকুৎসা ইউনিয়নের শ্রীপতিপাড়া গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা ১৪টি পুকুর মামলার অজুহাতে নিজেদের দখলে রেখে চাষাবাদ করছেন। শ্রীপতিপাড়া গ্রামের মোজাম্মেল হক ও আবদুস সাত্তার বলেন, তাঁদের গ্রামের ১৪টি পুকুর খেতে সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তাই গ্রামবাসীর পক্ষে ২০১১ সালে ইজারা না দিতে মামলা করে পুকুরগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা হয়। পুকুরগুলো থেকে যে টাকা পাওয়া যায়, তা গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজে ব্যবহার করা হয়।

বাসুপাড়া ইউনিয়নের ৭ দশিমক ১৮ একর আয়তনের মেঘাই দিঘি ও গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের ৩ দশমিক ৫৭ একর আয়তনের আরেকটি দিঘি মামলা করে দখলে রেখেছেন রওশন আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি। নন্দনপুর গ্রামের বাসিন্দা স্থানীয় বিত্তহীন সমিতির সভাপতি ইসাহাক আলী বলেন, মেঘাই দিঘিটি খাস হিসেবে তাঁরা ইজারা নিয়ে মাছের চাষ করেছিলেন। দুই যুগ আগে রওশন মামলার মাধ্যমে তা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। চলতি বছরে সেগুলো ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলেও মামলার কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। তবে রওশন বলেন, তিনি একজন জমিদারের উত্তরসূরির কাছ থেকে পুকুর কিনে মাছের চাষ করছেন। তাঁর মতো আরও অনেকে এ ধরনের পুকুর কিনে মাছের চাষ করছেন।

যাত্রাগাছির দশমিক ৯৪ একর আয়তনের দিঘিও মামলার কারণে ইজারা বন্ধ রয়েছে। ডুখোলপাড়ার ২ দশমিক ৩২ একর পুকুর মামলার মাধ্যমে দখল করে আছেন স্থানীয় প্রভাবশালী আবদুস সাত্তার। এ ছাড়া কসবা, খাঁপুর এলাকার বিশাল আয়তনের পুকুরগুলোও ইজারা ছাড়া রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এ রকম ৮০টি পুকুর প্রভাবশালী ব্যক্তিরা মামলার অজুহাতে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মাছের চাষ করছেন বা ইজারা দিয়ে ওই টাকা নিজেদের পকেটে ভরছেন।

স্থানীয় ১২ জন মাছচাষি ও চারজন মৎস্যজীবী সমিতির সভাপতি বলেছেন, উপজেলার বড় পুকুরগুলো মামলার গ্যাঁড়াকলে পড়ে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে। এসব খাসপুকুর থেকে প্রতি মৌসুমে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয় সম্ভব।

জলমহাল ইজারা কমিটির সভাপতি ইউএনও নাছরিন আক্তার বলেন, চলতি মৌসুমের ইজারার প্রক্রিয়া শেষ হওয়ার পর সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসককে জানাবেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের পাঠানো চিঠির অনুলিপি পাওয়ার কথাও স্বীকার করেছেন। রাজশাহীর সরকারি  কৌঁসুলি (জিপি) রবিউল আলম বলেন, মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়ে নজর দেওয়া হবে।