ইজারা বাতিলে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়ায় জমির ইজারা নিয়ে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্দিষ্ট সময়ের আগেই ইজারা বাতিল করে অন্যদের দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা ১৩৭৯ সনে সুনীতা বালা সাহা তাঁর বাড়ির উঠানসংলগ্ন ৫ শতাংশ জমি ইজারা নেন। তিনি প্রতিবছর বিধি মেনে মাশুল দেন। একসনা হিসাবে ইজারা নেওয়া এই জমির মাশুল চলতি বছর পর্যন্ত পরিশোধ করা আছে। নিয়ম অনুযায়ী চৈত্র মাসে ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা।কিন্তু ২৩ জানুয়ারি প্রভাবশালী ব্যক্তিরা ওই জমিতে ঘর তুলতে আসেন। বিষয়টি জানালে ইউএনও তাঁদের উচ্ছেদ করে দেন। কিন্তু ২ ফেব্রুয়ারি অজ্ঞাত কারণে সুনীলা বালা সাহার ইজারা বাতিল করে দেওয়া হয়। এবং একই দিন তাঁদের প্রতিপক্ষ কাউন্নাইর গ্রামের মো. ফারুক, রামদিয়ার রফিকুল আলম, গোবিন্দপুরের ফাতেমা বেগম, কাউন্নাইরের জরিনা ও নাজমুল হাসানকে ইজারা দেওয়া হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই জায়গায় টিনের বেড়া দিয়ে ছয়-সাতটি দোকানঘর করা হয়েছে। বাড়ির উঠান থেকে মাটি কেটে গর্ত করা হয়েছে। সুনীলা বালা সাহার ছেলে স্বরূপ কমুার সাহা জানান, উত্তরাধিকার সূত্রে তাঁরা প্রায় ৪০ বছর ধরে ১১ শতাংশ জমিতে ঘর তৈরি করে বসবাস করে আসছেন। এর মধ্যে ১৯৬৫ সালের পর বাড়ির ভেতর থেকে ৫ শতাংশ জমি শত্রুসম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়। এরপর সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়। কিন্তু কোন কারণ ছাড়াই তাঁদের সেই ইজারা বাতির করে অন্যদের দেওয়া হয়। ইজারা বাতিলের বিষয়ে কোন নোটিশও দেওয়া হয়নি। আইন অনুযায়ী নতুন করে ইজারা দেওয়ার ক্ষেত্রে প্রতিবেশী কাউকেও নোটিশ করা হয়নি। ৭ ফেব্রুয়ারি ভোরে ফারুকসহ ১০-১২ লোক এসে তাঁদের প্রায় আট বান্ডিল ঢেউটিন, ২৪টি সিমেন্টের খুঁটি, বাঁশ ও কাঠ নিয়ে গেছেন। তাঁরা উঠোনের মাটিও কেটে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবু-উল-করিম বলেন, অনুমতি ছাড়া জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণের চেষ্টা এবং মাটি খোড়ার কারণে ইজারা বাতিল করা হয়েছে। তবে স্বরূপ কমুার সাহা বলেন, নতুন ইজারাদারেরা গর্ত করে মাটি কেটে নিয়েছে। নতুন স্থাপনা করেছেন।