ইজারা বাতিলের দাবিতে মিশন বাজারে ফের ধর্মঘট
ইজারা বাতিলের দাবিতে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রাজাবাসর মিশন ও বানিয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার থেকে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
ব্যবসায়ীরা জানান, পার্বতীপুর শহরের প্রায় তিন কিলোমিটার পশ্চিমে রাজাবাসরে মিশনারিদের ১১৫ শয্যার হাসপাতাল আছে। এর নাম ল্যাম্ব হাসপাতাল। ওই হাসপাতালের আশপাশ ও বানিয়াপাড়া মোড় এলাকায় সবজি, মাছ-মাংস, ফল ও ওষুধ বিক্রি এবং হোটেলসহ দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ১৪২১ বাংলা সনে প্রথমবারের মতো বাজার এলাকাটি ইজারা দেয় প্রশাসন। স্থানীয় মসজিদ কমিটি মাত্র ১ হাজার টাকায় ইজারাদার নিযুক্ত হয়। তারা প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দৈনিক ২ থেকে ৩ টাকা করে টোল আদায় করছিল। চলতি ১৪২২ সনে যুবলীগ নেতা শফিকুল ইসলাম ১ লাখ ৬ হাজার টাকায় বাজারটির ইজারা নেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ১ বৈশাখ থেকে নতুন ইজারাদার দোকানপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত টোল আদায় শুরু করেন। এক বছরের ব্যবধানে প্রায় ১০ গুণ টোল বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা টোল দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে গত ১৮ এপ্রিল বাজারে ধর্মঘট আহ্বান করেন ব্যবসায়ীরা।
গত ১৯ এপ্রিল ইজারা বাতিলের দাবিতে ব্যবসায়ীরা দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আবেদন জানান। বাজারটি বন্ধ থাকায় হাসপাতালের রোগী ও চিকিৎসক কর্মচারীরা বিপাকে পড়েন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম ২০ এপ্রিল মিশন বাজারে এসে টোলের তালিকা তুলে ফেলেন এবং ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা দোকান খোলেন, আপনাদের আর টোল দিতে হবে না।’
এ ঘটনার ১০ দিনের মাথায় গত বুধবার ইজারাদার আবারও টোল আদায়ের তৎপরতা শুরু করেন। কিন্তু ব্যবসায়ীরা সাড়া না দেওয়ায় ইজারাদার উপজেলা প্রশাসনের শরণাপন্ন হন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, ‘সরকার বাজার ইজারা দিয়েছে রাজস্ব আয়ের জন্য। টোল না দেওয়া একটি ফৌজদারি অপরাধ। সরকারের সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব প্রশাসনের। ইজারাদার ব্যবসায়ীদের বিরুদ্ধে টোল না দেওয়ার অভিযোগ করেছেন। আমি তাঁকে মামলা করার পরামর্শ দিয়েছি।’
ব্যবসায়ী সমিতির নেতা মোশাররফ হোসেন ও সাজেদুর রহমান জানান, বাজারটি ব্যক্তিগত সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। এ জন্য ইউনিয়ন পরিষদকে খাজনা দেওয়া হয়। তাই এটি ইজারা দেওয়ার কোনো যুক্তি নেই।