ইজারা বাতিলের পরও অবাধে বালু উত্তোলন, হুমকিতে সেতু
নাটোরে গুড় নদীর বালুমহালের ইজারা বাতিলের পরও আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে সেখান থেকে বালু তোলা হচ্ছে। এতে স্থানীয় সিংড়া সেতু, খাদ্যগুদাম ও একটি বড় হাট নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সিংড়া উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সিংড়া শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া গুড় নদী থেকে খননযন্ত্রের (ড্রেজার) মাধ্যমে বালু তোলার কারণে সিংড়া বাজার ও সেতু হুমকির মুখে পড়ে। এ কারণে এ বছর ওই নদীর বালুমহালের ইজারা বাতিল করে দেয় সরকার।সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাটোর-বগুড়া সড়কের সিংড়া সেতুর ১০০ হাত দূর থেকে শুরু করে তেমুক-নওগাঁ এলাকা পর্যন্ত নদীর বিভিন্ন স্থান থেকে বালু তুলে ট্রলিতে ওঠানো হচ্ছে। প্রতিদিন ১০০-১৫০টি ট্রলিভর্তি বালু বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলির চালক বলেন, ‘আমরা প্রতি ট্রলি বালু এক হাজার থেকে বারো শ টাকায় বিক্রি করছি। এই টাকার কিছু অংশ স্থানীয় সরকারদলীয় নেতা-কর্মীরা পাচ্ছেন। বাকি অংশ ট্রলির মালিক ও শ্রমিকেরা পাচ্ছেন।’বালু তোলার কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, সিংড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাবু মিয়া ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা নদী থেকে বালু তুলছেন। লাবু মিয়া ও আশরাফুল প্রতিটি ট্রলি থেকে ১০০ টাকা করে নিচ্ছেন।আওয়ামী লীগের নেতা লাবু মিয়া বলেন, ‘আমি বালুর ব্যবসা করি না এবং বালু তোলার অনুমতিও দেই না। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য লোকজন এসব অপপ্রচার চালাচ্ছে।’আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম বালু তোলার অনুমতি দেওয়া ও ট্রলি থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল বারী বলেন, ‘গুড় নদীর সিংড়া অংশ থেকে বালু ওঠানো হলে তীরের বাড়িঘর, চলনবিলের কৃষকদের সরকারি খাদ্যগুদাম, সিংড়া সেতু, কলকারখানা ও সিংড়া হাট বিলুপ্ত হতে পারে। এ কারণে ওই নদীর বালুমহালের ইজারা বাতিল করা হয়েছে। এর পরও কেউ কেউ বালু ওঠাচ্ছে বলে শুনেছি, তবে আমাদের চোখে পড়েনি। আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সিংড়া নদীর বিভিন্ন স্থান থেকে বালু তোলার অভিযোগ আমার কাছেও আছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। তারা দায়িত্ব পালন করছেন কি না, তা খতিয়ে দেখব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখব।’