ইজারা শেষ হওয়ার আগেই পদ্মা থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদী থেকে ইজারা-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই অবৈধভাবে বালু তোলা হচ্ছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা গেছে, জেলার সদর ও কালুখালী উপজেলার ১০টি বালুমহালের বালু তোলার নিষেধাজ্ঞা গত ১৪ নভেম্বর হাইকোর্ট স্থগিত করেন। এরপর ৩১ ডিসেম্বর সদর উপজেলার জৌকুরা ফেরি ঘাট এলাকার চর জাজিরা ও চর নরসিংহদিয়া বালুমহালের ইজারার দরপত্র আহ্বান করা হয়। সর্বোচ্চ দরদাতা হিসাবে ৪৫ লাখ ১৫ হাজার টাকায় চর জাজিরার বালুমহালের ইজারা পান যুবলীগের নেতা মোস্তাফিজুর রহমান।
১৭ লাখ ২৫ হাজার টাকায় চর নরসিংহদিয়া বালুমহালের ইজারা পান পাংশা উপজেলা আওয়ামী লীগের নেতা দীপক কুমার কুণ্ডু। নিয়ম অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে ইজারার টাকা পরিশোধ করে বালু তোলার অনুমোদনপত্র নিতে হবে। কিন্তু টাকা পরিশোধ না হওয়ায় জেলা প্রশাসন ওই দুটি বালুমহাল থেকে বালু তোলার কোনো অনুমোদনপত্র দেয়নি।
অনুমতি না নিয়েই গত শনিবার থেকে ওই দুজন ইজারাদার বালুমহাল থেকে বালু তোলা শুরু করেন। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওই দুটি জলমহাল থেকেই বালু তোলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুধু বালু তোলার ক্ষেত্রে নয়, বালু পরিবহনের ক্ষেত্রেও কোনো নিয়ম মানা হয় না। রাস্তা দিয়ে বালুবাহী বড় ট্রাক যাতায়াত করায় সাধারণ মানুষের চলাচলে খুব সমস্যা হয়।
জানতে চাইলে দীপক কুমার কুণ্ডু বলেন, ‘চর নরসিংহদিয়া বালুমহাল আমি ইজারা পেয়েছি। কিন্তু এখনো বালু তোলা শুরু করি নাই।’ তাহলে কে বালু তুলছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন ঢাকায় রয়েছি তাই কে বা কারা বালু তুলছে তা আমি জানি না।’
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, বালু তোলার ইজারা-প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। অনুমোদন পাওয়ার আগেই বালু তোলার বিষয়টি তিনি জানতেন না। গতকাল দুপুর থেকে বালু তোলা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।