ঠাকুরগাঁও পৌর এলাকায় চলাচল করা ব্যাটারিচালিত ইজিবাইক ও তিন চাকার যান (থ্রি-হুইলার) থেকে টোল আদায়ে ইজারাদার নিয়োগের দরপত্র বাতিলের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ইজিবাইক ও থ্রি-হুইলার দিয়ে পৌরসভা কার্যালয় ঘেরাও করেন মালিক-শ্রমিকেরা।
ইজিবাইক ও থ্রি-হুইলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ৫ মে ঠাকুরগাঁও পৌর এলাকায় চলাচল করা ব্যাটারিচালিত ইজিবাইক ও তিন চাকার যানের (থ্রি-হুইলার) পার্কিংয়ের টোল আদায়ের জন্য আটটি স্থান নির্ধারণ করে ইজারাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করে পৌরসভা। কিন্তু ইজিবাইক ও থ্রি-হুইলার মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা পৌরসভার এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। পৌরসভার এ সিদ্ধান্তের বিরুদ্ধে যানগুলোর মালিক-শ্রমিকেরা ভেতরে ভেতরে সংগঠিত হতে থাকেন। গতকাল বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইক ও থ্রি-হুইলার নিয়ে চালকেরা এক এক করে পৌরসভার কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। একসময় গোটা পৌর চত্বর ইজিবাইক ও থ্রি-হুইলারে ভরে যায়। এতে পৌর কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়ে। সে সময় মালিক-শ্রমিকেরা টোল আদায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। অবস্থা দেখে পৌরসভার সচিব মো. রাশেদুল আলম বিষয়টি পৌর মেয়র মির্জা ফয়সল আমীনকে জানান।
ইজিবাইক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, টোল আদায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের বিষয়টি নিয়ে পৌর সচিব মেয়রের সঙ্গে কথা বলেন। সে সময় মেয়র সচিবকে ইজারার কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেন। পরে পৌর সচিব ইজারা স্থগিত রাখার সিদ্ধান্তটির কথা ঘোষণা দিয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। এ ঘোষণার পর দুপুর ১২টার দিকে পৌর কার্যালয় থেকে অবরোধ তুলে নেন ইজিবাইক ও থ্রি-হুইলার মালিক-শ্রমিকেরা।
পৌর মেয়র মির্জা ফয়সল আমীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পৌরসভার সচিব রাশেদুল আলম বলেন, আপাতত ইজিবাইক ও থ্রি-হুইলার থেকে টোল আদায়ের জন্য ইজারাদার নিয়োগের কার্যক্রমটি স্থগিত করা হয়েছে।