ইজারাদারদের কাছে ছয় লক্ষাধিক টাকা বকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দুটি হাটবাজারের ১৪১৭ বঙ্গাব্দের ইজারামূল্যের পুরো টাকা পরিশোধ না করায় ইজারাদারদের কাছে ছয় লক্ষাধিক টাকা বকেয়া পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই অনাদায়ী টাকা পড়ে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলায় ১৪১৭ বঙ্গাব্দে এক বছরের জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাদের মধ্যনগর ও বাদশাগঞ্জ বাজারটি ইজারা দেওয়া হয়। হাটবাজার ইজারার শর্তানুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ইজারামূল্য পরিশোধ করার পত্র পাওয়ার সাত দিনের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধ না করলে ইজারা বাতিল বা জামানতের টাকা বাজেয়াপ্ত করার সরকারি নির্দেশনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হাটবাজার ইজারামূল্যের পুরো টাকা পরিশোধ না করায় ইজারাদারদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।