ইজারাদারদের কাছে যাত্রীরা জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া ও পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা ইজারাদারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথের জৌকুড়া ঘাটের গুটি মহল (টোল আদায়) এবং নাজিরগঞ্জ ঘাট খেয়া পারাপারের জন্য ইজারা নিয়ে ইজারাদার ও তাঁদের লোকজন ট্রলার, লঞ্চ ও ফেরির যাত্রীদের কাছ থেকে ২২ টাকা ৩০ পয়সা করে আদায় করছেন। অথচ দুই ঘাটেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টানানো সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ফেরির যাত্রীদের ভাড়া বা মালামালের মাসুল লাগবে না।’নাজিরগঞ্জ যাওয়ার জন্য গত রোববার সকাল সোয়া নয়টায় জৌকুড়া ঘাটে পৌঁছালে ফেরিঘাটে টেবিল নিয়ে বসে থাকা আবদুল লতিফ নামের এক যুবক জানান, লঞ্চ, ট্রলার বা ফেরিতে যেভাবেই যান, এই ঘাট দিয়ে পার হতে হলে ২২ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে লঞ্চে ওঠার আগে মতিন নামের আরেক যুবক টিকিট ফেরত চেয়ে জানান, ‘এখানে সবাইকে টিকিট ফেরত দিয়ে দিতে হয়। ঝামেলা এড়াতে টিকিট দিয়ে দিলাম। কিন্তু লঞ্চের পরিবর্তে ট্রলারে উঠিয়ে দেওয়া হলো।’ ট্রলারচালক রিপন বিশ্বাস বলেন, ‘২৪ জন যাত্রী নিয়ে যাচ্ছি অথচ আমাকে জনপ্রতি ভাড়া বাবদ তিন টাকা ধরে ইজারাদারের লোকজন মোট ৫০ টাকা দিলেন। নাজিরগঞ্জের ট্রলার বলে ন্যায্য ভাড়া পাব না।’ আবার নাজিরগঞ্জ থেকে জৌকুড়ার যেসব ট্রলার ছাড়ে তাদেরও ইজারাদারের লোকেরা কিছু দিতেও পারে আবার নাও পারে।বেলা ১১টার দিকে নাজিরগঞ্জ পৌঁছে দেখি খেয়াঘাট ইজারাদারের পক্ষে বিশু হাওলাদার পন্টুনের সামনে টেবিল নিয়ে টিকিট বিক্রি করছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘ঘাট ডাক নিয়েছি, পার হতে হলে টিকিট লাগবে।’ ‘এবার টিকিট কেটে ফেরিতে উঠি।’ ইউটিলিটি ফেরি-২-এর চালক জালাল মিয়া বলেন, ‘গুটি মহল ইজারাদারের লোকজন ফেরির যাত্রীদের কাছ থেকে জোর করে ভাড়া আদায় করে। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।’ পাবনার সুজানগর উপজেলার পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘১০ বছর ধরে এই ঘাট দিয়ে চলাচল করি। প্রশাসনের তদারকি না থাকায় ইজারাদারের লোকজনের হাতে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে।’জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে চলাচলকারী লঞ্চ ‘রিয়াদ’ ও ‘সোনালী’-এর মালিক হাকিম সরদার অভিযোগ করেন, ‘জৌকুড়া ঘাটে গুটি মহলের (টোল আদায়) ইজারা নিয়ে ইজারাদার দুই টাকা ৩০ পয়সার পরিবর্তে লঞ্চের যাত্রীদের কাছ থেকে ২২ টাকা ৩০ পয়সা করে আদায় করে আমাদের দিচ্ছে যাত্রীপ্রতি ১৫ টাকা। এ ছাড়া ট্রলার ও ফেরির যাত্রীদের কাছ থেকেও তাঁরা ভাড়া আদায় করছেন। নাজিরগঞ্জ ঘাটেও একই চিত্র।’জৌকুড়া ঘাটের গুটি মহলের ইজারাদার আবদুর রব দাবি করেন, ইজারা নিয়ে তিনি আজিজ সরদার, সাইদুল ইসলাম, আরজু ও মোস্তাফিজুর রহমান নামের কয়েকজনের কাছে সাব লিজ দিয়েছেন। এখন তাঁরা যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে থাকলে এর দায় তাঁদের।নাজিরগঞ্জ ঘাটের ইজারাদার হোসেন আলী ফকির বলেন, ‘২০-২২ জন মিলে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আট লাখ ৩০ হাজার টাকায় ঘাট ইজারা নিয়েছি। ফেরি, লঞ্চ ও ট্রলার ঘাট একটিই। তাই ফেরিতে যাওয়ার সময় কিছু যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হয়ে থাকতে পারে।’রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হুসাইন খান বলেন, ‘গুটি মহলের ইজারা নিয়ে ট্রলার, লঞ্চ বা ফেরি যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। এ ছাড়া ২২ টাকা ৩০ পয়সার টিকিট ছাপিয়ে ভাড়া আদায় করা অপরাধ। এ ধরনের কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমি এখনই খোঁজ নিচ্ছি।’