নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় হাটের ইজারাদারের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে বাড়তি টোল আদায়ের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে সাংবাদিকদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন বাজারটির রড, সিমেন্ট ও লৌহজাত পণ্যসামগ্রীর বিক্রেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মেসার্স ত্বাহা ট্রেডার্সের আব্দুল ওয়াহাব, মামুন এন্টারপ্রাইজের আল মামুন, হাজি শের মোহাম্মদ এন্টারপ্রাইজের মো. মহিউদ্দিন, সানলাইট মেশিনারিজের দিলীপ কর্মকারসহ অন্তত ১৫ জন ব্যবসায়ী। তাঁরা বলেন, ২০০১ সাল থেকে রড, সিমেন্ট ও লৌহজাত পণ্যসামগ্রী টোলমুক্ত ছিল। কিন্তু ১৪২৪ বঙ্গাব্দের শুরু থেকে হাটের ইজারাদার ক্রেতাদের কাছ থেকে এসব পণ্যসামগ্রীর টোল আদায়ের জন্য চাপ সৃষ্টি করে আসছেন। ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায়ে ব্যর্থ হয়ে ইজারাদার ক্রেতার কাছ থেকে বেশি হারে টোল আদায় করছেন। এতে এ হাটে ক্রেতা কমে গেছে এবং পণ্য বিক্রিতে ভাটা পড়েছে। ব্যাংক ঋণের সুদ, দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে গিয়ে তাঁরা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। অন্য উপজেলাগুলোর হাটবাজারে রড, সিমেন্ট, শ্যালো মেশিন, নলকূপের পাইপ, শৌচাগার ও লৌহজাত সামগ্রী এবং মেশিনারিজের ওপর ব্যবসায়ী বা ক্রেতাদের কাছ থেকে টোল আদায় করা হয় না। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলেও সমাধান হয়নি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে তাঁরা প্রতিবাদ জানান।
ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স গোলাপ তালুকদারের পরিচালক আনিসুর রহমান মোল্লা দাবি করেন, ব্যবসায়ীদের দাবি যৌক্তিক নয়। জেলা প্রশাসন থেকে সরবরাহ করা তালিকা মোতাবেক টোল আদায় করা হচ্ছে।
জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আজাদুর রহমান গতকাল সোমবার মুঠোফোনে বলেন, ‘প্রায় ৪০০ পণ্যসামগ্রীর টোল তালিকায় স্বাক্ষর করেছি। ব্যবসায়ীদের দাবি করা পণ্যের নাম ওই তালিকায় রয়েছে কি না, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অন্যায়ভাবে টোল আদায় করা হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’