ইজারাদারের সুবিধার জন্য মহাসড়কে কলার হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের অদূরে একটি মাঠ ইজারা নেওয়া হয়েছে কলার হাটের জন্য। কিন্তু মাঠে বসার বদলে মহাসড়কের পাশ ঘেঁষে দুই কিলোমিটারজুড়ে বসছে হাট। এর কারণে সড়কটিতে যানজট লেগে থাকে। এমনকি প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।ইজারাদারের দাবি, সুবিধার জন্য মহাসড়কে হাট বসানো হচ্ছে। এখান থেকে হাট সরাতে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা এলাকায় বিশ্বরোডের প্রায় ৩০০ গজ দূরে ২৬ শতাংশ সরকারি জমি পাঁচ লাখ ৬৩ হাজার টাকায় এ বছর ইজারা দেয় উপজেলা প্রশাসন।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত স্থানে কলার হাট বসে না। এ বদলে সেখানে বাঁশ বিক্রি করতে দেখা গেছে। নির্ধারিত স্থান ছেড়ে মহাসড়কের দুই পাশে সপ্তাহের সোম ও শুক্রবার হাট বসে। প্রতি হাটে ১৫০ থেকে ২০০ ট্রাক কলা বেচাকেনা হয়। প্রায় ১২ বছর ধরে হাটটি মহাসড়কের ওপরই বসছে বলে জানা গেছে।কলা ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কে হাট বসানো হবে বলেই এর কিছু দূরে একটি খালি মাঠ সরকারিভাবে ইজারা দেখানো হয়েছে। তাঁরা আরও অভিযোগ করেন, মহাসড়কে কলার হাট বসানোয় এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে যানজট দেখা দিচ্ছে।উপজেলার সোনাকান্ত গ্রামের কলাচাষি আবদুল জব্বার বলেন, মহাসড়কের ধারে কলা বিক্রি করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। গঙ্গারামপুর গ্রামের এলা মণ্ডল বলেন, ‘এই রাস্তাত কলা বিক্রি করছি অনেক বছর থাকি। এটা তো হাট নোয়ায়। এটে থাকি কিছু দূরোত একটা খালি মাঠ আছে, সেই জায়গাটা ইজারা দিছে সরকার। কিন্তু হামার করার কী আছে?’মানিকগঞ্জ থেকে কলা কিনতে আসা ব্যবসায়ী আবদুর রহিম বেপারী বলেন, এই রাস্তায় কলা কিনে পরিবহনে ঝামেলা হয় না বলেই ইজারাদার তাঁর সুবিধা অনুযায়ী সড়কের পাশে হাট বসিয়েছেন। ঢাকার কলা ব্যবসায়ী সামসুজ্জামান বলেন, ট্রাক চালকদের সুবিধার জন্য এখানে হাট বসানো হয়েছে। আর বিষয়টি একেবারেই ইজারাদারের ব্যাপার।হাটের ইজারাদার আবদুর রাজ্জাক মিয়া বলেন, জামতলা এলাকা এ বছর পাঁচ লাখ ৬৩ হাজার টাকায় ইজারা নেওয়া হয়েছে। কিন্তু ইজারার স্থানে হাট না বসিয়ে মহাসড়কের ওপর কেন বসানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুবিধার জন্য এখানে হাট বসানো হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি মাত্র দুই সপ্তাহ হলো এখানে এসেছি। বিষয়টি আমার জানা নেই।’ হাটের জায়গায় হাট না বসে মহাসড়কে বসছে। তার মানে কি মহাসড়কটি ইজারা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা কি হতে পারে? মহাসড়কের বিষয়টি দেখার মূল দায়িত্ব সওজের।সওজের নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।