ইজারাবিহীন চা-বাগান নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজারাবিহীন থাকা চা-বাগানের নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার। এমন ৪৬টি চা বাগানের মধ্যে ১৭টির ইজারা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিগুলোও আগ্রহী প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হবে।ভূমি মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি (জুন) মাসের মধ্যে ইজারাবিহীন থাকা বাগানগুলো নিয়ন্ত্রণে নেওয়া হবে। জুলাইয়ের মধ্যে এগুলোর গেজেট প্রকাশ করা হবে। এসব বাগান ইজারা নিতে আগ্রহী প্রতিষ্ঠানকে চা-বোর্ডের সুপারিশসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।এ ছাড়া চা-বাগানের জমি ইজারা নিয়ে যাঁরা চুক্তি অনুযায়ী ব্যবহার করছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। চা-বাগানের প্রতি একর জমির ইজারা বছরে ৫০০ টাকা। ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামে তাদের নিয়ন্ত্রণাধীন মোট ১৫৮টি চা-বাগান রয়েছে। এসব বাগানে জমির পরিমাণ দুই লাখ ৬৫ হাজার ১৭৮ দশমিক ১৯ একর। এর মধ্যে ১১২টি ইজারা দেওয়া ছিল। এগুলোর মধ্যে মৌলভীবাজারে ৭২টি, সিলেটে আটটি, হবিগঞ্জে ২২টি ও চট্টগ্রামে ১০টি চা-বাগান রয়েছে। ইজারাবিহীন ৪৬টি বাগানের মধ্যে সিলেটে ১০টি, মৌলভীবাজারে ২২টি, হবিগঞ্জে তিনটি ও চট্টগ্রামে ১১টি রয়েছে। এসব বাগানের মধ্যে ১৭টির ইজারা-প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন হয়েছে।সূত্র জানায়, বর্তমানে ইজারাবিহীন রয়েছে ২৯টি চা-বাগান। এগুলোর মধ্যে তিনটি পরিত্যক্ত।সূত্র জানায়, ১৯৭২ সালের ১৫ আগস্ট প্রথম পর্যায়ে ৭০টি ভালো শ্রেণীর চা-বাগান ইজারা দেওয়া হয়। পরে আরও চা-বাগান ইজারার আওতায় আনা হয়। কিন্তু ৪৬টি বাগান ইজারাবিহীন থেকে যায়। পরিত্যক্ত তিনটি বাদে ইজারাবিহীন বাকি বাগানগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল। এমনকি এগুলোর কয়েকটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বদলও হয়। কিন্তু মন্ত্রণালয় দীর্ঘদিন এসব বাগানের ইজারামূল্য পায়নি।ভূমি মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইজারাবিহীন চা-বাগান ইজারার আওতায় আনার বিষয়ে সম্প্রতি ভূমিসচিবের সভাপতিত্বে সব চা-বাগানের নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইজারাবিহীন থাকা চা-বাগানগুলো নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহকে জুন মাসের মধ্যে বাগানভিত্তিক ইজারার প্রস্তাব পাঠাতে হবে।জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইজারা না দিয়ে বছরের পর বছর এসব চা-বাগানের জমি ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চা কোম্পানির মালিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। বলেছি, তাঁরা যদি চান, তবে ইজারা নেওয়ার জন্য আবেদন করতে হবে।’ তিনি বলেন, ‘চা-বাগানের জমি ব্যবহারের বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। খোঁজ নিয়ে জেনেছি, তুলনামূলকভাবে কম ইজারামূল্যের কারণে চা-বাগানের জন্য জমি ইজারা নিয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। কিছু বাগানে রাবার ও ধানের চাষ করা হচ্ছে। একটি বাগানে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। এসব বিষয়ে সিলেটের জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে।’ইজারাবিহীন বাগানগুলোর একটি চট্টগ্রামের হালদা ভ্যালী চা-বাগান। এই চা-বাগানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ২০০৩ সালে তাঁরা নিলামে এই বাগান কিনেছেন। এর আগে ২০ বছর বাগানটি ব্যবহূত হয়নি। এই বাগান ইজারা নিতে তাঁরা আবেদন করেছেন, কিন্তু ফাইল চালাচালিতে দেরি হওয়ায় এখনো ইজারার আওতায় আসেনি।