ইজারামূল্য আদায় না করেই ফের দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর বাজারের ইজারাদারের কাছ থেকে চলতি বছরের পুরো ইজারামূল্য আদায় না করেই উপজেলা প্রশাসন বাজারটি আগামী বছরের জন্য ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪১৭ বাংলা সালের জন্য উপজেলার ১১টি হাটবাজার ইজারা দেওয়ার জন্য ১৬ মার্চ দরপত্র দাখিলের তারিখ নির্ধারিত হয়েছে। অথচ মধ্যনগর বাজারের চলতি ১৪১৬ বাংলা সালের পুরো ইজারামূল্য এখনো পরিশোধ করা হয়নি। বাজারটি ৩২ লাখ এক হাজার ৯০০ টাকা ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধ সাপেক্ষে অসীম গুপ্তকে ইজারা দেওয়া হয় গত বছরের ৭ মে। শর্ত অনুযায়ী, ইজারা পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে যাবতীয় পাওনাদি ইজারাদারের পরিশোধ করার সরকারি নির্দেশ রয়েছে। ইজারাদার অসীম গুপ্ত বলেন, নানা সমস্যা থাকায় এত দিন ইজারামূল্য পরিশোধ করতে পারিনি। দুই-তিন দিনের মধ্যেই যাবতীয় পাওনাদি পরিশোধ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিঞা বলেন, উপজেলা সমন্বয় কমিটির সিদ্ধান্ত ছাড়া ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।