ইজারার নথিপত্র তলব হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারাসংক্রান্ত নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে এসব নথিপত্র সরবরাহ করতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। গতকাল সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সংক্রান্ত শুনানি মুলতবি করেন আদালত।গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ লিখিত আবেদন জমা দিয়ে বলেন, বাড়ির ইজারাসংক্রান্ত নথিপত্র তলব করা প্রয়োজন। এতে আদালতে তাঁদের দেওয়া বক্তব্যের সঙ্গে ইজারার বিষয়টি স্পষ্ট হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদার আইনজীবীদের এ আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, সময়ক্ষেপণের জন্যই এ আবেদনটি করা হয়েছে। সরকার গত বছর ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন।