ইজারার নামে আওয়ামী লীগ নেতাদের অবৈধ অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যাদেশ না পেলেও দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মহামায়ার প্রবেশপথে রীতিমতো গেট বসিয়ে টিকিট ছাপিয়ে টাকা আদায় করেছে আওয়ামী লীগের নেতাদের সিন্ডিকেট। ঈদের দিন থেকে পরবর্তী দুই দিন (০৯, ১০ ও ১১ আগস্ট) সিন্ডিকেট আয় করেছে প্রায় আড়াই লাখ টাকা।কিন্তু যাঁদের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে, সেই বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা রাকিবুল হাসান ইজারার প্রক্রিয়া চলছে জানিয়ে বলেন, তাঁরা এখনো কাউকে মহামায়া ইজারার কার্যাদেশ দেননি।কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া বলেন, দ্বিতীয় বৃহত্তম ওই সেচ প্রকল্পের বাঁধটি একটি স্পর্শকাতর এলাকা। লাখ লাখ কিউসেক পানি ওই বাঁধ ধরে রাখে শুষ্ক মৌসুমে সেচের জন্য। এ কারণে ওই বাঁধে আঘাত লাগে এমন কোনো কাজ করা যাবে না। তাই সেচ প্রকল্প এলাকাটি ইজারা দেওয়া যাবে না। কারণ, ওই এলাকা ইজারা দিলে বাঁধে আঘাত লাগবেই। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া বন বিভাগ ওই এলাকা ইজারা কোনোভাবেই দিতে পারে না।অপর দিকে ইজারাদার ও আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ান জানান, অফিশিয়াল কাগজপত্র পেয়ে তাঁদের সিন্ডিকেট টাকা আদায় করেছে। তবে তিনি স্বীকার করেন, এখনো তিনি ইজারার কার্যাদেশ পাননি। আবু সুফিয়ান ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, তাঁর সঙ্গে এ কাজে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ২০-২৫ জন নেতা-কর্মী-সমর্থক জড়িত। মূলত এটি আওয়ামী লীগের নেতাদের একটি সিন্ডিকেট।জানা গেছে, ঈদুল ফিতরের দিন (৯ আগস্ট) থেকে গত রোববার (১১ আগস্ট) পর্যন্ত আওয়ামী লীগের সিন্ডিকেট ইজারার নামে মহামায়ায় আগত দর্শনার্থীর কাছ থেকে মাথাপিছু ১০ টাকা আদায় করে। মহামায়ার লেকে ইঞ্জিনচালিত নৌকা, গাড়ি পার্কিং, অস্থায়ী দোকান থেকেও তারা টাকা আদায় করে। ভালোই চলছিল তাদের অবৈধ বাণিজ্য। কিন্তু গত রোববার বিকেল প্রায় চারটায় কলেজছাত্র কফিল লেকের পানিতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কফিলকে উদ্ধার করা যায়নি। এ ঘটনার পর এলাকার সবার মধ্যে প্রশ্ন জাগে কথিত ইজারাদারদের ব্যবস্থাপনা নিয়ে।খোঁজ নিয়ে জানা যায়, এখনো ইজারার কার্যাদেশই হয়নি। কিন্তু আওয়ামী লীগের ওই সিন্ডিকেট অবৈধভাবে টাকা আদায় শুরু করেছে। আর নিখোঁজ কফিলের সহপাঠীরা অভিযোগ করেছে, কথিত ইজারাদারদের অব্যবস্থাপনার কারণেই কফিল নিখোঁজ হয়েছে। তবে নিখোঁজ ছাত্র কফিলকে উদ্ধারকাজের জন্য গত সোমবার ও গতকাল মঙ্গলবার মহামায়ায় টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। তিনি জানান, কার্যাদেশ পাওয়া ছাড়া সেখানে টাকা আদায় বৈধ নয়।