ইজারার মেয়াদ শেষ হওয়ার আগেই দুইটি কারখানা উচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত পাট ও কার্পেট তৈরির পৃথক দুটি কারখানার ইজারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইজারাদারদের উচ্ছেদের অভিযোগ উঠেছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারাদারদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কারখানা দুটির ইজারাদার প্রতিষ্ঠান সাদ মুসা গ্রুপ গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে। স্থানীয় একটি প্রভাবশালী মহল তাঁদের কারখানা ছেড়ে দিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। কারখানা দুটি হলো, রাঙ্গুনিয়ার কর্ণফুলী জুট মিল এবং ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি। সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিন বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এক বছর আগে কোনো কারণ ছাড়াই উচ্ছেদের নোটিশ দিয়েছে বিজেএমসি। জানা গেছে, কারখানা দুটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের আগস্ট মাসে পাঁচ বছরের জন্য ইজারা নেয় সাদ মুসা গ্রুপ। চুক্তি অনুযায়ী ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৩ সালের জুলাই। সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন অভিযোগ করে বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত মানতে অবশ্যই বাধ্য। কিন্তু কোনো প্রকার কারণ ছাড়াই বিজেএমসি আমাদের নোটিশ দিয়ে ছেড়ে দিতে বলছে। এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাদ মুসা গ্রুপের প্রকল্প পরিচালক মো. নিজাম উদ্দিন।