মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ নিয়ে নীতিমালা উপেক্ষা করে প্রায় ১০ গুণ জমি অবৈধ দখল ও পাকা স্থাপনা নির্মাণ করেছেন এক ব্যবসায়ী। তা ছাড়া তাঁর ইজারার চুক্তির মেয়াদ গত ৩১ মে শেষ হয়েছে। এরপর বন্দর কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখা সূত্রে জানা গেছে, স্থায়ী বন্দর এলাকায় পশুর নদীসংলগ্ন ভূমিতে ইট, বালু, খোয়া মজুতসহ ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য মেসার্স স্বচ্ছ ট্রেডার্সের স্বত্বাধিকারী মির্জা সাইফুল ইসলামের নামে প্রায় ২ হাজার ৭০০ বর্গমিটার জমি বরাদ্দ দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষের ভূমিনীতি অনুযায়ী, ইজারার মেয়াদ ছিল গত বছরের ১ জুন থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত। এদিকে বরাদ্দ নেওয়ার পর নানা কৌশলে এই ব্যবসায়ী প্রায় ২৬ হাজার বর্গমিটার জমি দখল করেন। তা ছাড়া নীতিমালা উপেক্ষা করে তিনি পশুর নদীর পাড়ে পাকা জেটি, পাকা স্থাপনা নির্মাণ ও মিক্সচার প্ল্যান্ট নির্মাণ করেছেন। জেটির স্থানের মাটি উত্তোলন করে পশুর নদীর মূল চ্যানেলে ফেলে নাব্যসংকট সৃষ্টি করেছেন। ইজারার চেয়ে অতিরিক্ত জমি ব্যবহার করায় ৫ জুন বন্দর কর্তৃপক্ষ তাঁকে প্রায় ৪৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার চিঠি দেয়। সাত দিনের মধ্যে ওই টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত এই জরিমানা পরিশোধ করা হয়নি।
জানতে চাইলে ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘বন্দরের নিয়ম মেনেই আমি প্রতিবছর নবায়ন করার শর্তে চার বছরের মেয়াদে ভূমি বরাদ্দ নিয়েছি। নবায়নের জন্য ইতিমধ্যে আবেদন করেছি। বন্দর কর্তৃপক্ষ ভবন নির্মাণের ক্ষেত্রে আমাকে শর্ত দিয়েছিল, বরাদ্দের মেয়াদ শেষ হলে আমি আমার নির্মিত সব স্থাপনা নিজ খরচে অপসারণ করে বন্দর কর্তৃপক্ষের ভূমি বুঝিয়ে দেব। আর অতিরিক্ত ভূমি ব্যবহারের জন্য বন্দর কর্তৃপক্ষ যে টাকা আমার কাছে পাবে, তা দ্রুত পরিশোধ করে দেব।’
বন্দর কর্তৃপক্ষের জ্যেষ্ঠ উপব্যবস্থাপক (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, স্বচ্ছ ট্রেডার্সের স্বত্বাধিকারীকে মৌখিক ও লিখিতভাবে বারবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে গেছেন। এই পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বন্দর কর্তৃপক্ষ ভূমি ইজারা নীতিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ফারুক হাসান গতকাল দুপুরে বলেন, বরাদ্দের অতিরিক্ত ভূমি দখল করে রাখায় স্বচ্ছ ট্রেডার্সকে শাস্তিস্বরূপ ক্ষতিপূরণের টাকা ধার্য করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে তাঁর বরাদ্দ বাতিল করা হবে। আর নীতিমালা উপেক্ষা করে তাঁরা যেসব স্থাপনা নির্মাণ করেছেন, এর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।