ইজারার শর্ত ভেঙে নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভয়াশ্রম গড়ে তোলার জন্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মরা ডাকাতিয়া নদীর ৭৭ একর এলাকা ইজারা দেওয়া হয়েছিল। এ জন্য নদীর এ অংশ নামমাত্র মূল্যে চার হাজার ৪০০ টাকায় গত ৩০ আগস্ট ইজারা দেওয়া হয়। নদীর ওই অংশ এক বছরের জন্য ইজারা পেয়েছে জাতীয় মৎস্যজীবী সমিতি। কিন্তু শর্ত উপেক্ষা করে সমিতির লোকজন নদীর ওই অংশ জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মরা ডাকাতিয়া নদীর শোলাখালী সেতু থেকে মহিলা কলেজের সামনের সেতু এবং রায়পুর নতুন বাজার সড়কের উত্তর পাশ থেকে শোলাখালী সেতুর উত্তর পাশের ৭৭ একর জলাশয় জাতীয় মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা মৎস্য কর্মকর্তা চুক্তিনামায় সই করেন। জাতীয় মৎস্যজীবী সমিতির পক্ষে সমিতির সভাপতি মোস্তফা বেপারী চুক্তিনামায় সই করেন।ইজারা চুক্তির দুই নম্বর শর্তে দ্বিতীয় পক্ষের উদ্দেশে বলা হয়েছে, ‘নির্বাচিত জলমহালটি মৎস্য সম্পদ সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য উপযোগী জলমহালের সম্পূর্ণ বা অংশবিশেষে সংরক্ষিত অভয়াশ্রম গড়ে তুলবে।’উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মরা ডাকাতিয়া নদীর ইজারার জন্য জাতীয় মৎস্যজীবী সমিতির পক্ষে মোস্তফা বেপারী আবেদন করেন। এই সমিতির ২৬০ জন সদস্য ও নদীর দুই পারে ২৩৭ জন সুফলভোগীর নামে নদী ইজারা দেওয়া হয়।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, অভয়াশ্রম গড়ে তোলার শর্ত না থাকলে নদীর ওই অংশ কমপক্ষে দুই লাখ টাকায় ইজারা দেওয়া সম্ভব হতো। কয়েকজন ইউপি সদস্য জানান, ৭৭ একর নদী এলাকার দুই পারে প্রায় পাঁচ শতাধিক পরিবার আছে। অথচ ২৩৭ জনকে সুফলভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। একই পরিবারের একাধিক সদস্যের নামও তালিকায় রয়েছে। তা ছাড়া মৎস্যজীবী সমিতি ও সুফলভোগীর তালিকায় কিছু ভুয়া নাম রয়েছে।সুফলভোগীর তালিকায় গাজী মার্কেটের ব্যবসায়ী শাহ আলমের নাম রাখা হয়েছে। তিনি বলেন, ‘ডাকাতিয়া নদীর পারে আমার কোনো জমি নেই। আমার বাড়ি বামনী ইউনিয়নে। কীভাবে সুফলভোগীর তালিকায় আমার নাম রাখা হয়েছে, তা আমি জানি না।’জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা বেপারী বলেন, নিয়মমাফিক ইজারা নেওয়া হয়েছে। ইজারার শর্ত মেনে নদীতে অভয়াশ্রমের মাধ্যমে মাছ চাষ করা হচ্ছে।জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির উদ্দিন আহাম্মেদ বলেন, ‘অভয়াশ্রমের মানে হলো নদীতে বাঁধ ও কোনো প্রতিবন্ধকতা ছাড়া মাছ চাষ করা। নদীতে জাল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ করার বিষয়টি আমি জানি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’