ইজারায় অনিয়ম, বিপাকে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলাশবাড়ী উপজেলার অফিসের হাটের পাশে মহাসড়কে কলার হাট বসানো হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা সদরের ড্রিমল্যান্ড এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
পলাশবাড়ী উপজেলার অফিসের হাটের পাশে মহাসড়কে কলার হাট বসানো হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা সদরের ড্রিমল্যান্ড এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের ‘অফিসের হাট’ থেকে অবৈধভাবে খাজনা তুলছেন স্থানীয় যুবলীগের নেতা সারোয়ার হোসেন। তিনি হাটের তারিখও পরিবর্তন করেছেন। নিজের লোকজন দিয়ে সেই হাটে যেতে বাধ্য করছেন পাশের কালীবাড়ী হাটের বিক্রেতাদের। এমনকি তিনি ওই হাট ইজারা নেওয়ার ক্ষেত্রেও অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে উপজেলা সদরের কালীবাড়ী এলাকায় ‘কালীবাড়ী হাট’ গড়ে ওঠে। তখন থেকে এখানে প্রতি শনি ও বুধবার হাট এবং অন্যদিন বাজার বসছে। গত মার্চ মাসে ১ কোটি ১৫ লাখ টাকায় এই হাটটি স্থানীয় ব্যবসায়ী আবদুল হালিমকে ইজারা দেওয়া হয়। এই হাটের প্রায় আধা কিলোমিটার দূরে অফিসের হাটে গবাদিপশু ও বিভিন্ন জিনিস বিক্রির ব্যবস্থা করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন। অথচ ১৯৮৫ সাল থেকে অফিসের হাটে শুধু স্থানীয়ভাবে উৎপাদিত কলা বেচাকেনা হচ্ছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, অফিসের হাটে প্রতি সোম ও বৃহস্পতিবার হাট বসে। অন্যদিন কোনো বাজার বসে না। এই হাটটি গত এপ্রিল মাসে ৪ লাখ ৮৫ হাজার টাকায় যুবলীগের নেতা সারোয়ারকে ইজারা দেওয়া হয়। কিন্তু তিনি এই হাট ইজারা নিয়ে সোম ও বৃহস্পতিবারের পরিবর্তে কালীবাড়ী হাটের দিন (শনি ও বুধবার) হাট বসাচ্ছেন। তাঁর লোকজন দিয়ে কালীবাড়ী হাটে আসা বিক্রেতাদের অফিসের হাটে যেতে বাধ্য করছেন। এ ছাড়া বাজারের পাশে মহাসড়কে কলার হাট বসাচ্ছেন।
উপজেলার চণ্ডীপুর গ্রামের গরু ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, ‘গত শনিবার কালীবাড়ী হাটে গরু বিক্রি করতে গেলে কয়েক ব্যক্তি আমাকে অফিসের হাটে যেতে বাধ্য করেন। তাঁদের চাপে অফিসের হাটে গিয়ে কোনো ক্রেতা পাইনি। কারণ সবাই জানেন অফিসের হাটে শুধু কলা বিক্রি হয়। তাই এখানে কেউ গবাদিপশু কিনতে আসেন না।’
হাটে গবাদিপশু বিক্রি প্রসঙ্গে সারোয়ার হোসেন বলেন, ‘আমি ৩৬৫ দিনের জন্য হাট ইজারা নিয়েছি। হাট মানে সব ধরনের জিনিস বেচাকেনার জায়গা। তাই ওই হাটে কলার পাশাপাশি গবাদিপশুসহ অন্যান্য জিনিস বিক্রির ব্যবস্থা করা হয়েছে।’
কালীবাড়ী হাটের ইজারাদার আবদুল হালিম বলেন, ‘যুবলীগের ওই নেতা কালীবাড়ী হাট ইজারা নেওয়ার জন্য দর দাখিল করেছিলেন। সর্বোচ্চ দরদাতা হওয়ায় আমি ইজারা পাই।’ তিনি অভিযোগ করেন, ইজারা না পেয়ে যুবলীগের নেতা জোরপূর্বক কালীবাড়ী হাটের দিন অফিসের হাটে কলার পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন জিনিস বিক্রির ব্যবস্থা করেছেন। বিষয়টি গত ২০ এপ্রিল জেলা প্রশাসককে লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে যুবলীগের নেতা বলেন, ‘আমি কাউকে অফিসের হাটে যেতে বাধ্য করছি না। বরং কালীবাড়ী হাটের ইজারাদারের লোকজন আমার হাটে আসা বিক্রেতাদের কালীবাড়ী হাটে যেতে বাধ্য করছেন।’
কালীবাড়ী হাটের ব্যবসায়ী রায়হান কবীর বলেন, নিয়ম অনুযায়ী ইজারামূল্য সরকারি তহবিলে জমা দিয়ে খাজনা আদায়ের কথা। কিন্তু পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগসাজশ করে টাকা জমা না দিয়েই পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে খাজনা তুলছেন সারোয়ার হোসেন। এমনকি ইজারা দেওয়ার ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। যুবলীগের নেতাকে ইজারা পাইয়ে দেওয়ার জন্য দরপত্র গোপন করে একটিমাত্র দরপত্র বিক্রি ও দাখিলের ঘটনা ঘটে। যুবলীগের নেতা বলেন, ‘যথাসময়ে সরকারি তহবিলে ইজারার টাকা জমা দিয়েছি। ইজারা নেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।’
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোখলেছুর রহমান বলেন, একই দিন পাশাপাশি দুটি হাট বসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এ বিষয়ে ব্যবস্থা নিতে পলাশবাড়ীর ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।
যোগসাজশ করে ইজারা দেওয়ার অভিযোগ অস্বীকার করে পলাশবাড়ীর ইউএনও এস এম মাজহারুল ইসলাম বলেন, কত দূরত্বের মধ্যে দুটি হাট বসানো যাবে না বা হাটে কী ধরনের জিনিস বেচাকেনা হবে, সেসব বিষয়ে সুস্পষ্ট কোনো নীতিমালা নেই। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। দরপত্র প্রসঙ্গে তিনি বলেন, একটি দরপত্র দাখিল হয়েছে ঠিক। কিন্তু গত বছরের তুলনায় ইজারামূল্য বেশি হওয়ায় সারোয়ার হোসেনকে অফিসের হাটটি ইজারা দেওয়া হয়। ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, টাকা না পেলেও সারোয়ার হোসেন প্রশাসনকে চেক দিয়েছেন। ওই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে শিগগিরই সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. এহসানে এলাহী ১১ মে ইউএনওকে এক চিঠিতে আগের মতো অফিসের হাটে কলা এবং কালীবাড়ী হাটে গবাদিপশুসহ অন্যান্য মালামাল কেনাবেচার অবস্থা বহাল রাখার নির্দেশ দেন। এর পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমি দ্রুতই ব্যবস্থা নিচ্ছি।’