ইজাহারপুত্র হারুনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারুন ইজাহার (বাঁয়ে) ও তাঁর দেহরক্ষী মো. জুনায়েদকে (ডানে) আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সৌরভ দাস
হারুন ইজাহার (বাঁয়ে) ও তাঁর দেহরক্ষী মো. জুনায়েদকে (ডানে) আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সৌরভ দাস

মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারের বিরুদ্ধে করা দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
বিস্ফোরক দ্রব্য এবং অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনে করা দুই মামলায় খুলশী থানা পুলিশ তাঁর সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। একই সঙ্গে আদালত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারুনের দেহরক্ষী জুনায়েদের এক দিনের এবং মাদ্রাসা থেকে গ্রেপ্তার চার শিক্ষকসহ পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আজ বুধবার ভোর চারটায় হাটহাজারীর ইছাপুর এলাকার জান আলী চৌধুরীর বাড়ি থেকে হারুন ইজাহার ও তাঁর দেহরক্ষী মো. জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। তবে মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার এখনো পলাতক।
এদিকে, মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় আহত আরেক ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছেন। তাঁর নাম জুবায়ের আহমেদ। তিনি আট দিন আগে হবিগঞ্জ থেকে এই মাদ্রাসায় ভর্তি হতে চট্টগ্রামে এসেছিলেন।
গত সোমবার বেলা ১১টার দিকে লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসের তিনতলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজন গত সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। তাঁর নাম হাবিবুর রহমান। তিনি ওই মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। এ ছাড়া জুবায়ের আহমেদ নামে আহত আরেকজন মারা গেছেন গতকাল। আহত অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।

ঘটনার পর ওই দিন সন্ধ্যায় পুলিশ তল্লাশি চালিয়ে মাদ্রাসার ওই কক্ষের ধ্বংসস্তূপ থেকে অবিস্ফোরিত তিনটি হাতবোমা এবং বোমা তৈরির উপাদান লোহার পাইপ ও মার্বেল উদ্ধার করে। এরপর মাদ্রাসার চত্বরে অবস্থিত মুফতি ইজাহারের বাসা থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল অ্যাসিড-জাতীয় পদার্থ। এ ছাড়া মঙ্গলবার লালখান বাজার মাদ্রাসা থেকে আটক চার শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন হাবিবুর রহমান, ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান ও তফসির আহমেদ।
বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ এনে পুলিশ খুলশী থানায় দুটি মামলা করেছে। বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনে করা মামলা দুটিতে মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ মুফতি ইজাহারুল ইসলাম, তাঁর ছেলে হারুন ইজাহারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন সোমবার মাদ্রাসা থেকে গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষক-কর্মচারী, আহত চার ব্যক্তি ও অপর একজন মাদ্রাসার কর্মী। এ ছাড়া অনেক অজ্ঞাতনামা ব্যক্তিও জড়িত আছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজাহার সোমবার বিকেল পাঁচটার পর থেকে পলাতক রয়েছেন।
এই পাঁচজনকে পরে পুলিশের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে পাঁচজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এই আবেদনের ওপর আজ বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
এ ছাড়া হাসপাতালে চিকিত্সাধীন নূরনবী, সালমান ও জুবায়ের আহমেদ এবং নিহত হাবিবুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আবেদন সংশোধন করে তা থেকে মৃত আসামি হাবিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়।