ইজাহারসহ আট জঙ্গির বিচার থেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি ইজাহার
মুফতি ইজাহার

ইসলামী ঐক্য-জোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম এবং হরকাতুল জিহাদের (হুজি) সাত জঙ্গির বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচার থেমে আছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলির অভিযোগ, সাক্ষী হাজির করতে না পারায় মামলা দুটির বিচার এগোচ্ছে না।
আড়াই বছর আগে চট্টগ্রাম জেলার রাউজান রাবারবাগান গোদারপাড় এলাকায় পাহাড়ের চূড়ায় হুজির প্রশিক্ষণকালে অভিযান চালিয়ে জিহাদি বই ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি দায়ের করা হয়।
গত সোমবার চট্টগ্রামে মুফতি ইজাহারুল ইসলামের মাদ্রাসায় বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়। পুলিশ ওই মাদ্রাসা থেকে হাতে তৈরি চারটি গ্রেনেড উদ্ধার করে। এ ঘটনার পর থেকে মুফতি ইজাহার আত্মগোপনে আছেন।
আদালত সূত্র জানায়, রাউজানের দুটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, ‘আসামিরা হরকাতুল জিহাদকে সমর্থন করে। বাংলাদেশের সংহতি, সম্প্রীতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে অস্থিতিশীল নাশকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিপ্রায়ে অবৈধভাবে বোমা প্রস্তুত করছে। মুফতি ইজাহারুল ইসলাম ছিলেন এদের নির্দেশদাতা।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সাক্ষীদের হাজির করতে পুলিশ ও র‌্যাবকে একাধিকবার বলা হয়েছিল। এ মামলার বেশির ভাগ সাক্ষীই র‌্যাব ও পুলিশের সদস্য।
জানতে চাইলে মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) এস এম নুরুল হুদা বলেন, ‘আগামী ধার্য দিনে সাক্ষীদের হাজির করা হতে পারে।’
সূত্র জানায়, দুটি মামলায় মোট আটজন আসামি আছেন। এঁরা হলেন মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, হুজির সদস্য মাহফুজুর রহমান, আবুল ফারাহ রুম্মান, আবুল কালাম, সালাউদ্দিন হোসাইন ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, মোহাম্মদ নোমান ও সাব্বির আহমেদ ওরফে আবদুল হান্নান। আসামিদের মধ্যে মুফতি ইজাহার ২০১১ সালের ১০ নভেম্বর থেকে জামিনে আছেন। আসামিদের একজন পলাতক ও ছয়জন কারাগারে রয়েছেন।
দুটি মামলা দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। বিস্ফোরক মামলায় সাক্ষী আছেন ২৫ জন। এর মধ্যে গত আড়াই বছরে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মাত্র চারজনের। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ৩০ জন সাক্ষীর মধ্যে তিনজন সাক্ষ্য দিয়েছেন।
মুফতি ইজাহারসহ অভিযুক্ত আট হুজি সদস্যের বিরুদ্ধে ২০১২ সালের ৫ জুন অভিযোগ গঠন করেন আদালত।