
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ ছাত্রাবাসের ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৪টি ব্যাটারিচালিত ইজিবাইক আটকে রেখেছেন। চালকেরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কাছে চাঁদা দাবি করেছেন। চাঁদা না দিলে গাড়িগুলো ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।ছাত্রলীগের কর্মীরা দাবি করছেন, এসব অবৈধ ইজিবাইক ছাত্রাবাসের সামনে দিয়ে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই এগুলো আটকে রাখা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের ডান পাশে জড়ো করে রাখা হয়েছে যানগুলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে গতকাল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রাবাসের সহকারী ওয়ার্ডেন বলছেন, ছাত্রাবাসটি এফ রহমান হলের অধীনে হওয়ায় হল প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে। অন্যদিকে প্রাধ্যক্ষ বলছেন, সহকারী ওয়ার্ডেন তাঁকে বিষয়টি জানাননি।খোঁজ নিয়ে জানা যায়, ৮-১০ দিন আগে ছাত্রাবাসের সামনে ছাত্রলীগের জ্যেষ্ঠ কর্মী ও চারুকলা অনুষদের মৃৎ শিল্প বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাগর হোসেন সোহাগের মোটরসাইকেলের সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। তিনি তখন দুটি ইজিবাইক আটক করেন।এ বিষয়ে সাগর হোসেন দাবি করেন, ছাত্রাবাসের সামনে দিয়ে না চালানোর শর্তে ইজিবাইক দুটি ছেড়ে দেওয়া হয়।তবে ওই ছাত্রাবাসেরই ছাত্রলীগের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, গত বুধবার সোহাগ এবং গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খালিদ হাসান রবিন আবারও ১৪টি ইজিবাইক আটক করে চাঁদা দাবি করেন।এ বিষয়ে সাগর হোসেন বলেন, এগুলো ছাত্রাবাসের সামনে দিয়ে চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এগুলো আবার নিয়ন্ত্রণ করেন যুবলীগের এক কর্মী, যিনি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। তবে পরে যানগুলো আটকের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে অপদস্থ করতে এসব অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। খালিদ হাসান রবিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাত্রাবাসে অনেক রবিনই থাকে, আপনি যে রবিনকে চাইছেন, আমি সেই রবিন নই।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ভুক্তভোগী চালকেরা জানান, লালবাগ থানা যুবলীগের কর্মী আনুকে মোটা অঙ্কের অর্থ দিয়ে তাঁরা নিউমার্কেট-কামরাঙ্গীরচর রুটে ইজিবাইক চালানোর অনুমতি নেন। গাড়ি চালানো শুরুর পর প্রতিদিন তাঁকে চাঁদা দিতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, ‘ঈদের আগে যানগুলো আটক করায় এবার ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না। আমাদের ঈদটাই মাটি হয়ে যাবে।’
ছাত্রাবাসের সহকারী ওয়ার্ডেন নাজির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আমি হলের ভেতরে কিছু গাড়ি দেখেছি। ছাত্ররা বলেছে, তাদের সঙ্গে চালকদের ঝামেলা হওয়ায় এগুলো আটকে রাখা হয়েছে।’
তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ছাত্রাবাসটি এফ রহমান হলের অধীনে। ওই হলের প্রাধ্যক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
প্রাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, ঘটনাটি তিনি এই প্রতিবেদকের কাছে প্রথম শুনলেন। সহকারী ওয়ার্ডেন তাঁকে কিছুই জানাননি। তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।