ইজিবাইক চলাচল নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন
ইজিবাইক চলাচল নিষিদ্ধের দাবিতে গতকাল মঙ্গলবার নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচলে সরকারিভাবে বিধিনিষেধ রয়েছে। ওই সব যানবাহন সরকারকে কোনো রকম ট্যাক্স, টোকেন বা ফি দেয় না। এমনকি এর চালকদেরও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। অথচ বাস-মিনিবাস মালিকেরা প্রতিবছর সরকারের কোষাগারে ট্যাক্স, টোকেন ও ফি বাবদ লাখ লাখ টাকা জমা দিচ্ছেন। এরপরও শুধু মানবিক কারণে সড়ক-মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয়। কিন্তু তারা (জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন) ইজিবাইক চলাচল নিষিদ্ধের দাবি জানাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ ইজিবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা কমিটি সংবাদ সম্মেলন করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এবং তাদের সদস্যদের সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছে, যা গত রোববার স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। তাঁরা (জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা) এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে গত ৫ অক্টোবরের ঘটনা উল্লেখ করে বলা হয়, ওই দিন সৈয়দপুর থানার কাছে একটি বাসে যাত্রী ওঠানোর সময় ইজিবাইক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে সৈয়দপুর শহরে যান চলাচলে মারাত্মক স্থবিরতা দেখা দেয়। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এক বৈঠকে ওই বিরোধের অবসান হয়। বৈঠকে সৈয়দপুর শহর থেকে ঢেলাপীর হাটের মাঠ পর্যন্ত ইজিবাইক চলাচলের সিদ্ধান্ত হয়। কিন্তু ইজিবাইকের লোকজন তা মানছেন না।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি তৌকির আহমেদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মো. মোফাখখারুল আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নাজির আহমেদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।